সরকার ধূম্রজাল সৃষ্টি করছে: এরশাদ
নির্বাচনকালীন সরকার থেকে জাতীয় পার্টির মন্ত্রীদের পদত্যাগের বিষয়ে সরকার ‘ধূম্রজাল’ সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মাদ এরশাদ।
মঙ্গলবার দুপুরে রাজধানীর বারিধারায় নিজের বাড়িতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এরশাদ বলেন, “গত তিনদিন ধরে আমরা পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেয়ার চেষ্টা করেছি। কিন্তু বারবার জাপার প্রতিনিধিদল নানাভাবে বাধার সম্মুখীন হচ্ছে। সরকার এটা নিয়ে ধূম্রজাল সৃষ্টি করেছে।”
গত ৩ ডিসেম্বর আকস্মিকভাবে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে পরদিন নির্বাচনকালীন ‘সর্বদলীয়’ সরকার থেকে নিজের দলের সাত মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপদেষ্টাকে পদত্যাগের নির্দেশ দেন এরশাদ।
পার্টি প্রধানের এই নির্দেশের পরদিন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু- এই তিন জন পদত্যাগপত্র এরশাদের কাছে জমা দেন।
মন্ত্রিসভার অপর তিন সদস্য স্বাস্থ্য মন্ত্রী রওশন এরশাদ, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, বাণিজ্যমন্ত্রী জি এম কাদের এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা জিয়াউদ্দিন আহমেদের বিষয়টি প্রথম দিকে অস্পষ্ট থাকলেও রোববার এরশাদ নিজেই জানান, সবার পদত্যাগপত্রই তার কাছে জমা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সোমবার তিনি সাংবাদিকদের বলেন, “পদত্যাগপত্রগুলো গতকাল বাই পোস্টে গেছে, আজ পার্টির মহাসচিব হ্যান্ড টু হ্যান্ড হস্তান্তর করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারির কার্যালয়ে বসে আছে।”
সেক্ষেত্রে মন্ত্রীদের কাছ থেকে পদত্যাগপত্রের কতোগুলো অনুলিপি রাখা হয়েছে জানতে চাইলে কোনো উত্তর দেননি এরশাদ।
অবশ্য জাতীয় পার্টির মন্ত্রীর সোমবার মন্ত্রিসভার বৈঠকেও যোগ দেননি।
জাতীয় পার্টির প্রার্থীরা কবে মনোনয়নপত্র প্রত্যাহার করবেন জানতে চাইলে এরশাদ বলেন, “১৩ তারিখের মধ্যে সবাই মনোনয়নপত্র উইথড্র করবে।”
৫ জানুয়ারি ভোটের দিন রেখে ঘোষিত তফসিল অনুযায়ী ১৩ ডিসেম্বরই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এরশাদ নিজেও তিন আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন।
তিনি নিজে কবে প্রার্থিতা প্রত্যাহার করবেন জানতে চাইলে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, “অপেক্ষা কর, প্রেস রিলিজ পাবে।”
ঘন ঘন সিদ্ধান্ত বদলানোর কারণে আলোচিত এই রাজনীতিবিদকে নির্বাচনের বিষয়েও প্রশ্নের মুখে পড়তে হয়।
সাংবাদিকরা জানতে চান- এই পরিস্থিতিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত তিনি আবার পাল্টাবেন কি না।
তেমন সম্ভাবনা নাকচ করে এরশাদ বলেন, “শুনেছি গতকাল জাতীয় পার্টিকে ১০০টি আসন দেয়ার বিষয়ে কথা হয়েছে। ২০০ আসন দিলেও লাভ হবে না। সব দল নির্বাচনে না এলে জাপা নির্বাচনে যাবে না।”
