২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিকে ঠেকাতে তৎপর সরকার: নোমান

নির্বাচনে বিএনপির অংশগ্রহণ ঠেকাতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2013, 08:49 PM

Updated : 23 Aug 2022, 07:27 PM

বুধবার সকালে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে অবরোধের সমর্থনে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

নোমান বলেন, শেখ হাসিনার সরকার এখন শুধু মামলা, হামলা, নির্যাতন, গুম ও খুন করেই ক্ষান্ত হচ্ছে না। নির্বাচনে যাতে বিএনপি অংশ নিতে না পারে সেজন্য সরকার শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিএনপির সাবেক এই মন্ত্রী বলেন, একদলীয় নির্বাচনকে নির্বাচন বলা যায় না। কারণ বহুদল অংশ না নিলে একদলীয় নির্বাচনে জনগণ ভোটাধিকার প্রয়োগ করে না।

“সরকার নিজের কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিটি ক্ষেত্রে সংকট সৃষ্টি করেছে। এই সংকট থেকে তাদের মুক্তি নেই।”

রাজনৈতিক সমস্যা সমাধানের প্রক্রিয়া চলছে উল্লেখ করে তিনি বলেন, এ প্রক্রিয়ায় যদি প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ নিরপেক্ষ-নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ও নির্বাচনে বাধা হয়ে দাঁড়ায় তাহলে গণআন্দোলনে এ সরকারের পতন হবে।

নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসাইন, নগর বিএনপির নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, আব্দুস সাত্তার, কাজী আকবর, ওহাব কাসেমী, আহমেদুল আলম রাসেল প্রমুখ।

সমাবেশের আগে নগরীর কাজীর দেউড়ি মোড় থেকে অবরোধের সমর্থনে বিএনপির নেতৃত্বে একটি মিছিল বের হয়ে দলীয় কার্যালয়ে সামনে গিয়ে শেষ হয়।