আ.লীগের সঙ্গে ফের বৈঠক জাতিসংঘ দূতের
সফরের তৃতীয় দিনে আবারো আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘ মহাসচিবের দূত অস্কার ফার্নান্দেজ-তারানকো।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে গুলশানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভীর বাসায় এই বৈঠক শুরু হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল-উল আলম হানিফ ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারুক খান এ বৈঠকে উপস্থিত ছিলেন।
অবশ্য ঘণ্টাখানেক বৈঠকের পর বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কোনো পক্ষই কথা বলেনি।
রাজনৈতিক সঙ্কট অবসানের লক্ষ্য নিয়ে ঢাকায় আসা জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল ফার্নান্দেজ-তারানকো তার ঢাকা সফরের প্রথম দিনই আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন।
শনিবার সোনারগাঁও হোটেলে ওই বৈঠকের পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, জাতিসংঘ মহাসচিবের দূতের এই সফর সফল হবে বলেই তিনি আশা করছেন।
ফাইল ছবি
এই পরিস্থিতিতে রাজনৈতিক সহিংসতায় গত তিন সপ্তাহে অর্ধশতাধিক লোকের মৃত্যু হয়েছে।
জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ-তারানকো শুক্রবার ঢাকা পৌঁছে পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন।
রোববার তিনি বসেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভীর সঙ্গে।
রাতে ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ এবং বিএনপির সহসভাপতি শমসের মবিন চৌধুরী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদের সঙ্গে বসেন।
সোমবার সকালে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠক করেন ফার্নান্দেজ-তারানকো।
সফর শেষে বাংলাদেশ ত্যাগের আগে মঙ্গলবার সাংবাদিকদের সামনে তার ব্রিফ করার কথা রয়েছে ।
