২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রিসভার বৈঠকে যাচ্ছে না জাপা

পদত্যাগের সিদ্ধান্ত জানানোর পর মন্ত্রিসভার সোমবারের বৈঠকে জাতীয় পার্টির মন্ত্রীরা যাচ্ছেন না বলে জানিয়েছেন দলটির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2013, 01:44 AM

Updated : 23 Aug 2022, 07:26 PM

রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক প্রশ্নের উত্তরে একথা জানান তিনি।

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর মন্ত্রিসভা থেকে জাতীয় পার্টির পদত্যাগের তোড়জোড়ের মধ্যে আকস্মিকভাবেই রাতে বঙ্গভবন যান জাপা মহাসচিব হাওলাদার।

তবে এটা সৌজন্য সাক্ষাৎ ছিল জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রপতির শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতেই গিয়েছিলেন তিনি।

মনোনয়নপত্র দাখিল করলেও গত সপ্তাহে জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদ গত সপ্তাহে নাটকীয় এক ঘোষণায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান।

এর মধ্যে মহাজোট ছাড়ার পর নির্বাচনকালীন সরকার থেকেও দলের মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপদেষ্টাদের পদত্যাগের নির্দেশ দেন এরশাদ।

এরপর বিভিন্ন পর্যায়ে জাতীয় পার্টির নেতাদের বৈঠক; মন্ত্রীদের কারো জাতীয় পতাকাসহ গাড়ি ব্যবহার এবং কারো না ব্যবহারের মধ্যে রোববার দুপুরে হাওলাদার জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে না পারায় তারা ডাকযোগে পদত্যাগপত্র পাঠাবেন।

জাতীয় পার্টি চেয়ারম্যান এরশাদ আগে বলেছিলেন, তার দলের মন্ত্রীরা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দেবেন। পরে সিদ্ধান্ত বদলের কথা জানালেও বঙ্গভবনে আকস্মিক জাপা মহাসচিবের উপস্থিতি সাংবাদিকদের মধ্যে কৌতূহলের সৃষ্টি করে।

তবে নির্বাচনকালীন সরকারের বিমানমন্ত্রী হাওলাদার বলেন, রাষ্ট্রপতির সঙ্গে এই সাক্ষাতে পদত্যাগপত্র দেয়ার কোনো বিষয় ছিল না।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে জাতীয় পার্টির নেতারা যাচ্ছেন কি না- জানতে চাইলে তিনি বলেন, তারা বৈঠকে যাচ্ছেন না।

নির্বাচনকালীন সরকারে হাওলাদার ছাড়াও জাতীয় পার্টির তিনজন মন্ত্রী রয়েছেন। এরা হলেন- রওশন এরশাদ, জি এম কাদের ও আনিসুল ইসলাম মাহমুদ।

এছাড়া মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা রয়েছেন জিয়াউদ্দিন আহমেদ বাবলু এবং প্রতিমন্ত্রী রয়েছেন মুজিবুল হক চুন্নু এবং সালমা ইসলাম।   

রাজনৈতিক মহলে নানা আলোচনা থাকলেও হাওলাদারের দাবি, তার দলের সব মন্ত্রী-প্রতিমন্ত্রীই পদত্যাগ করছেন।

এরশাদ বলে আসছেন, তফসিল পরিবর্তন এবং সব দলের অংশগ্রহণ নিশ্চিত না হলে নির্বাচনে যাবে না তার দল।

ওই সিদ্ধান্তে জাতীয় পার্টি এখনো রয়েছে বলে রোববার রাতেও জানান হাওলাদার।

তিনি বলেন, জাতীয় পার্টির যারা নির্বাচনের মনোনয়নপত্র এখনো প্রত্যাহার করেননি, তাদের তা করতে নির্দেশ দিয়েছেন চেয়ারম্যান এরশাদ। অনেকে প্রত্যাহার করে নিচ্ছেন।

পুরনো খবর:

বঙ্গভবনে জাপা মহাসচিব
নির্বাচন পেছানোর দাবি জাতিসংঘ দূতকে জানাল জাপা
‘জাপা মন্ত্রীদের পদত্যাগপত্র পাঠানো হবে ডাকে’
পদত্যাগপত্র দেননি জাপা মন্ত্রীরা