নির্বাচন পেছানোর দাবি জাতিসংঘ দূতকে জানাল জাপা
রাজনৈতিক সঙ্কট অবসানের লক্ষ্য নিয়ে ঢাকায় আসা জাতিসংঘ দূত অস্কার ফার্নান্দেজ-তারানকোর সঙ্গে বৈঠকে হুসেইন মুহাম্মদ এরশাদের দল জাতীয় পার্টি জানিয়েছে, তারা ‘সব দলের জন্য সম্মানজনক’ একটি সমাধান চায়।
এজন্য তফসিল পরিবর্তন করে ‘সব দলকে’ আসার সুযোগ দেয়ার দাবির কথাও জাতিসংঘ দূতের কাছে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের ও মহাসচিব রুহুল আমিন হাওলাদার।
দুই নেত্রীর সঙ্গে সাক্ষাতের পর রোববার সকালে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের সঙ্গে এই বৈঠক করেন জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল ফার্নান্দেজ-তারানকো।
বারিধারায় এরশাদের বাড়ি প্রেসিডেন্ট পার্কে সকাল সাড়ে ৯টা থেকে প্রায় এক ঘণ্টা বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় জাতিসংঘ দূত সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।
তবে এর কিছুক্ষণ পর সাংবাদিকদের বৈঠকের বিষয়ে জানান জিএম কাদের ও হাওলাদার।
রুহুল আমিন হাওলাদার বলেন, “আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। দেশের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি।”
জাতীয় পার্টি কোন দাবির কথা বলেছে জানতে চাইলে মহাসচিব বলেন, “আমরা চাই একটি সম্মানজনক সিদ্ধান্ত, যাতে বিরোধী দল, সরকারি দল সবাই আসতে পারে। ভোটে অংশ নিতে পারে।
“প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আমরা সময় বাড়িয়ে দিতে বলেছিলাম।… নির্বাচন কমিশনের সঙ্গে আমরা দরকার হলে আবারো বসব। সময় দিতে হবে, তফসিল পরিবর্তন করতে হবে, যাতে সব দল আসতে পারে।”
জাতিসংঘ দূত কি বলেছেন জানতে চাইলে হাওলাদার বলেন, “তিনি দেশের সার্বিক পরিস্থিতি জানতে চেয়েছেন।”
এরপর জিএম কাদের সাংবাদিকদের বলেন, “আমাদের মূল বক্তব্য ছিল তফসিল পরিবর্তন। তফসিল পেছাতে হবে। আমরা চাই সব দল যাতে নির্বাচনে আসে; যাতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়।”
ফার্নান্দেজ-তারানকো কি বলেছেন জানতে চাইলে কাদের বিষয়টি এড়িয়ে যান।
জিএম কাদের বলেন, “এই পরিস্থিতে নির্বাচন বাঞ্ছনীয় নয়। আমরা চাই, নির্বাচন যেন পিছিয়ে যায়, যাতে সবদল নির্বাচনে অংশগ্রহণ করতে পারে।”
নির্বাচন পিছালেই সব দল অংশগ্রহণ করবে কিনা জানতে চাইলে তিনি বলেন, “এটাতো আমরা জানি না, এটা সব দল বলতে পারবে। আমাদের কথা হলো নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে। আমরা এটাই জাতিসংঘের প্রতিনিধিকে জানিয়েছি। আমাদের পার্টির চেয়ারম্যানও প্রথম থেকেই এ কথা বলে আসছেন।”
সর্বদলীয় সরকারে অংশগ্রহণ করেছিলেন কেন- এমন প্রশ্নে বাণিজ্যমন্ত্রী জিএম কাদের বলেন, “সর্বদলীয় সরকারে আমরা অংশগ্রহণ করেছিলাম, কারণ আমরা ভেবেছিলাম একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সব দল অংশগ্রহণ করবে। যেহেতু সবাই অংশগ্রহণ করেনি, তাই আমরাও সর্বাদলীয় সরকারে নেই।”
পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে শুক্রবার রাতে ঢাকা পৌঁছান জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ-তারানকো। পরদিন দেশের দুই প্রধান রাজনৈতিক দলের নেতা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন ফার্নান্দেজ-তারানকো।
শনিবার বিকালে গণভবনে সভাশেষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী সাংবাদিকদের জানান, নির্বাচনের ঘোষিত তারিখ পেছানো যায় কি না- শেখ হাসিনার কাছে তা জানতে চেয়েছেন জাতিসংঘের দূত। জবাবে প্রধানমন্ত্রী তাকে বলেছেন, তফসিল পরিবর্তনের বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ারে। তাদের সঙ্গেই এ বিষয়ে কথা বলতে হবে।
তবে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি আন্দোলন করে আসছে, সেই ব্যবস্থা নিয়ে আলোচনায় ফার্নান্দেজ-তারানকো আগ্রহ দেখাননি বলে জানান রিজভী।
প্রধানমন্ত্রীর পর রাতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেন জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল।
ওই বৈঠকের পর বিএনপির সহসভাপতি শমসের মবিন চৌধুরী বলেন, আলোচনার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না। দুই-একদিনের মধ্যে আবার আলোচনা হবে। এরপর এ বিষয়ে জানানো হবে।
শনিবার আওয়ামী লীগ, বিভিন্ন দেশের কূটনীতিক, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রসচিবের সঙ্গে আলাদা বৈঠক করেন অস্কার ফার্নান্দেজ-তারানকো।
রোববার এরশাদের সঙ্গে বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার, জামায়াতে ইসলামী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে তার বসার কথা রয়েছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগ ইতোমধ্যে জানিয়েছে, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখেই ঘোষিত তফসিল অনুযায়ী ৫ জানুয়ারি ভোট করবে তারা। তবে বিরোধী দল বিএনপি এই নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়ে টানা আন্দোলন চালিয়ে আসছে। রাজনৈতিক সহিংসতায় গত তিন সপ্তাহে অর্ধশতাধিক লোকের মৃত্যু হয়েছে।
জাতীয় পার্টির প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিলেও ৩ ডিসেম্বর আকস্মিক ঘোষণায় ভোটে না যাওয়ার কথা জানান এরশাদ। প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার এবং নির্বাচনকালীন সরকারে থাকা জাতীয় পার্টির মন্ত্রীদের পদত্যাগেরও নির্দেশ দেন তিনি।
