২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈঠক নিয়ে কিছু বলেনি বিএনপি

রাজনৈতিক সংকট নিরসনে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ-তারানকো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2013, 09:57 PM

Updated : 23 Aug 2022, 07:25 PM

তবে বৈঠকে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা জানায়নি বিএনপি।

শনিবার রাতে বৈঠকের পর দলের সহসভাপতি সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী বলেন, “আলোচনার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এখনই কোনো কিছু বলা যাবে না। দুই-একদিনের মধ্যে আবার আলোচনা হবে। এরপর এ বিষয়ে জানানো হবে।”

তিনি বলেন, “বিরোধী দলীয় নেতার সঙ্গে জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের পাঠানো দূতের একান্ত বৈঠক হয়েছে। এর আগে ফার্নান্দেজ-তারানকোর সঙ্গে বিরোধী দলীয় নেতাসহ আমাদের নানা বিষয়ে আলোচনা হয়েছে।”

গুলশানে বিরোধী দলীয় নেতার বাসায় খালেদা জিয়ার সঙ্গে প্রায় দুই ঘণ্টার বৈঠকে রাজনৈতিক সঙ্কট অবসানের লক্ষ্য নিয়ে আলোচনা করেন ঢাকা সফরে আসা জাতিসংঘ মহাসচিবের এই দূত।  বৈঠকের পর ফার্নান্দেজ-তারানকোসহ প্রতিনিধিদলের সদস্যরা বেরোনোর পর শমসের মবিন সাংবাদিকদের ব্রিফ করেন।

আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে শমসের মবিন বলেন, “নানা বিষয়ে আলোচনা হয়েছে। সুনির্দিষ্টভাবে এখন কিছু বলা যাবে না।”

সাংবাদিকরা নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর ঘোষণার বিষয় উল্লেখ করে বলেন, তিনি বলেছেন, ঘোষিত তফসিলেই নির্বাচন হবে। সংবিধানের মধ্যে নির্বাচন হবে।

এ বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়ে আমরা কিছু বলতে চাই না। আমরা যা আলোচনা করেছি, দুই-একদিনের মধ্যে আবার বৈঠক হবে। এরপর আপনাদের জানাব।”

“সংকট নিরসনে জাতিসংঘের মহাসচিব বান কি-মুন দুই নেত্রীকে ইতিমধ্যে চিঠি দিয়েছেন। সেই আলোকে আমাদের আলোচনা হয়েছে।”

খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের আগে বিকালে ফর্নান্দেজ-তারানকো গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। এর আগে বিকালে সোনারগাঁওয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন তিনি।

অস্কার ফার্নান্দেজ-তারানকোর বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, সহসভাপতি শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন।

ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি নেইল ওয়াকারসহ কয়েকজন কর্মকর্তাও ছিলেন ওই বৈঠকে।

পুরনো খবর:

হাসিনার পর খালেদার সঙ্গে বৈঠকে তারানকো