২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জাপা মন্ত্রীদের পদত্যাগপত্র পাঠানো হবে ডাকে’

নির্বাচনকালীন সরকারে থাকা জাতীয় পার্টির সব মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগপত্রই হুসেইন মুহাম্মদ এরশাদের হাতে পৌঁছেছে জানিয়ে রুহুল আমিন হাওলাদার বলেছেন, প্রধানমন্ত্রীর সময় না পাওয়ায় রোববারই সেগুলো ডাকযোগে পাঠিয়ে দেয়া হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2013, 01:48 PM

Updated : 25 Apr 2022, 07:38 PM

রোববার দুপুরে বারিধারায় এরশাদের বাড়িতে তিনি সাংবাদিকদের বলেন, “সাতজনের পদত্যাগপত্রই চেয়ারম্যানের কাছে জমা হয়েছে। সেগুলো জমা দেয়ার জন্য প্রধানমন্ত্রীর সময় চেয়েছিলাম। তা না পাওয়ায় আজই ডাকযোগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সেগুলো পাঠিয়ে দেয়া হবে।” 

মনোনয়নপত্র দাখিলের পর গত মঙ্গলবার নাটকীয় এক ঘোষণায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

পরদিন তিনি নির্বাচনকালীন সরকারে থাকা তার দলের মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপদেষ্টাদের পদত্যাগ করতে বলেন তিনি।

এরপর বৃহস্পতিবার রওশন এরশাদসহ জাতীয় পার্টির কয়েকজন নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেও তারা পদত্যাগপত্র দেননি।

সেদিন এরশাদ তার দলের মন্ত্রীদের পদত্যাগপত্র জমা নেয়ার কথা জানিয়ে বলেছিলেন, শনিবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তিনি পদত্যাগপত্রগুলো হস্তান্তর করবেন।

নির্বাচনকালীন সরকারে জাতীয় পার্টির মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপদেষ্টারা হলেন রওশন এরশাদ, জি এম কাদের, আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার, জিয়াউদ্দিন বাবলু, মুজিবুল হক চুন্নু ও সালমা ইসলাম।

এরপর এরশাদ শনিবার দুপুরে তার বারিধারার বাড়িতে সাংবাদিকদের বলেন, তার দলের মন্ত্রীরা প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র দিতে যাচ্ছেন।

তবে এরশাদের বারিধারার বাড়ি থেকে বেরিয়ে মন্ত্রীরা রওশন এরশাদ ও হাওলাদারের বাড়িতে আলাদা দুটি বৈঠক করেন।

কবে পদত্যাপত্র জমা দেবেন- জানতে চাইলে দলের মহাসচিব হাওলাদার শনিবার বলেছিলেন, রোববার কোনো এক সময় তাদের পদত্যাগপত্র জমা দেয়া হবে।