ঝিনাইদহে বিএনপি-পুলিশ সংঘর্ষ, সোমবার হরতাল
ঝিনাইদহ শহরে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে তিন পুলিশসহ অন্তত সাতজন আহত হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে আরাপপুর বাসস্ট্যান্ডে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।
এদিকে সভা সমাবেশের উপর হামলা ও পুলিশের ‘মিথ্যা’ মামলা দায়েরের প্রতিবাদ এবং আটক বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবিতে সোমবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।
সদর থানার ওসি কাজী জালাল উদ্দিন আহমেদ বলেন, বিএনপি একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি রাবেয়া হাসপাতালের সামনে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়ক অবরোধ করে।
পুলিশ অবরোধকারীদের ছত্রভঙ্গ করার জন্য শটগানের গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
সংঘর্ষে পুলিশের এসআই মিলন মৈত্র, কনস্টেবল মিঠুন ও কনস্টেবল আব্দুস সোবহান আহত হন।
এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিএনপির জেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য মসিউর রহমান জানান, পুলিশের হামলায় তাদের ৫/৬ জন কর্মী আহত হয়।।
জেলায় সোমবার হরতাল ডাকার কথাও জানিয়েছেন তিনি।
