২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে সোমবার হরতাল

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবকে গ্রেপ্তার ও হেফাজতে নেয়ার প্রতিবাদে সোমবার রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে সংগঠনটি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2013, 04:03 PM

Updated : 23 Aug 2022, 07:25 PM

শনিবার রাজশাহী রংপুর ও সিলেটে পৃথকভাবে হরতালের ঘোষণা দেয়া হয়। সিলেটের ঘোষণা দেয়া হয় শুক্রবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রাজশাহী প্রতিনিধি জানান, গ্রেপ্তার কেন্দ্রীয় সভাপতি জুয়েলকে পুলিশ হেফাজতে নেয়ার প্রতিবাদে সোমবার বিভাগের আট জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ছাত্রদল।

মহানগর ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান রিটন বলেন, দুপুরে মহানগর ছাত্রদলের জরুরি বৈঠকে হরতাল পালনের সিদ্ধান্ত হয়।

রংপুর প্রতিনিধি জানান, কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের মুক্তির দাবিতে শনিবার রংপুর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।

সমাবেশ থেকে সোমবার বিভাগের আট জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালনের ঘোষণা দেন সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি মাহফুজ উন নবী ডন।

সিলেট প্রতিনিধি জানান, একই দাবিতে সোমবার সিলেট বিভাগেও হরতাল পালনের ঘোষণা দিয়েছে ছাত্রদল নেতারা।

সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে হরতালের বিষয়টি নিশ্চিত করেন।

সম্প্রতি বিরোধী দলের হরতাল-অবরোধে সহিংসতার ঘটনায় গ্রেপ্তার করা হয় বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবকে।

অবরোধ চলাকালে শাহবাগে বাসে পেট্রোলবোমা মেরে আগুন দেয়ার ঘটনায় জুয়েলকে দুই দিনের হেফাজতে রাখার অনুমতি পেয়েছে পুলিশ।