২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধের মধ্যেই ঢাকায় রোববার হরতাল

সাদেক হোসেন খোকাসহ শীর্ষ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদ এবং তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে অবরোধের মধ্যেই রাজধানীতে ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2013, 05:53 PM

Updated : 23 Aug 2022, 07:24 PM

ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম জানান, রোববার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত এই হরতাল চলবে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মহানগর আহ্বায়ক সাদেক হোসেন খোকাসহ নেতৃবৃন্দের  মুক্তি ও দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এই হরতাল আহ্বান করা হয়েছে।”

গত বুধবার রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সাবেক মেয়র খোকাকে গ্রেপ্তার করে র‌্যাব।

অবরোধে গাড়িতে অগ্নিসংযোগের দুটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার তাকে হেফাজতে চায় পুলিশ। এর মধ্যে শাহবাগে গাড়িতে অগ্নিসংযোগের মামলায় তাকে দুই দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছে আদালত।

গত ২৮ নভেম্বর অবরোধ চলাকালে শাহবাগে বাসে পেট্রোল বোমা হামলায় দগ্ধ হন ১৯ যাত্রী, যাদের তিনজন পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই ঘটনায় খোকাসহ বিএনপি-জামায়াতের ১৭ শীর্ষ নেতাকে আসামি করে মামলা করেন শাহাবাগ থানার পরিদর্শক এমএ জলিল।

এদিকে মহানগর বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে খোকাকে রিমান্ডে নেয়ায় উদ্বেগ জানিয়ে বলা হয়, “এ ব্যাপারে আদালতের আদেশ থাকা সত্ত্বেও সাদেক হোসেন খোকা অসুস্থ হওয়ার সত্ত্বেও তাকে পুলিশ রিমান্ডে নিয়েছে।”

খোকার আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া; যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী; বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মীর মো. নাছির উদ্দিন, আব্দুল আউয়াল মিন্টু ও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকারকেও বিভিন্ন মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর তা বাতিল ও নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে ১৮ দলীয় জোটের হরতাল-অবরোধে সারা দেশে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে। দফায় দফায় অবরোধে প্রায় অর্ধশত মানুষের মৃত্যু হয়েছে।

এছাড়া দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক প্রতিপক্ষের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, ভাংচুর, যাত্রী ও পণ্যবাহী যানবাহনে হামলা ও রেললাইনে নাশকতার ঘটনাও ঘটছে।

সহিংসতা ও নাশকতার জন্য বিরোধী দলের দায়িত্বশীল নেতাদের হুকুমের আসামি করে এর জন্য বিচারের মুখোমুখি করা হবে বলে এর আগে হুঁশিয়ার করেন স্বয়ং প্রধানমন্ত্রীসহ সরকারি দলের শীর্ষস্থানীয়রা।

এই পরিস্থিতিতে ইতোমধ্যেই বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতারা আত্মগোপনে গিয়ে অজ্ঞাতস্থান থেকে বক্তব্য বিবৃতি দেয়ার কৌশল নিয়েছেন।

পুরনো খবর:

আবার ৭২ ঘণ্টার অবরোধ
হাই কোর্টে মওদুদদের জামিন আবেদন
কারাগারেই থাকতে হবে রিজভীকে