২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাই কোর্টে মওদুদদের জামিন আবেদন

জজ আদালতে জামিন না পেয়ে এবার হাই কোর্টে আবেদন করেছেন বিএনপির তিন স্থায়ী কমিটির সদস্যসহ ৫ জন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2013, 01:00 PM

Updated : 23 Aug 2022, 07:24 PM

এই পাঁচ নেতা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।

তারা হরতালে হাতবোমা বিস্ফোরণ ও গাড়ি ভাংচুরের দুই মামলার আসামি।

ঢাকার মহানগর দায়রা জজ জহুরুল হক গত বৃহস্পতিবার তাদের জামিন আবেদন নাকচ করে দেন। এরপর বুধবার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় জামিন আবেদন করা হয় বলে জানান বিএনপি নেতাদের আইনজীবী সগীর হোসেন লিওন ও অ্যাডভোকেট নাজমুল হুদা।

তবে বিএনপিসহ ১৮ দলের ডাকা অবরোধের কারণে হাই কোর্টের বেঞ্চগুলো বসছে না। ফলে বৃহস্পতিবারও ওই আবেদনের শুনানির সুযোগ কম।  

নির্দলীয় সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন জোট গত ৮ নভেম্বর ৭২ ঘণ্টার হরতাল ডাকার ঘণ্টাখানেকের মধ্যে ওই পাঁচজনকে আটক করে পুলিশ।

পরে তাদের ৫ নভেম্বরের হরতালে কমলাপুরে হাতবোমা বিস্ফোরণ,পুলিশের ওপর হামলা এবং ২৪ সেপ্টেম্বরে মতিঝিলে আইডিয়াল স্কুল ও কলেজের সামনে গাড়ি ভাংচুরের দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এরপর বিরোধী দলের আপত্তির মধ্যে গত ২৫ নভেম্বর দশম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে অবরোধ কর্মসূচি দেয় ১৮ দল।

ওই কর্মসূচি ঘোষণার দিন গ্রেপ্তার হন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আ স ম হান্নান শাহ। তাকে রিমান্ডেও পেয়েছে পুলিশ।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকারকে গত বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করে পুলিশ। একই দিনে চট্টগ্রাম বিমানবন্দরে গ্রেপ্তার হন সাবেক বিমান প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মীর মো. নাছির উদ্দিন।

গত ৩০ নভেম্বের অবরোধের সকালে বিএনপি কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে। এরপর বুধবার রাতে রাজধানীর উত্তরা থেকে বিএনপির ঢাকা মহানগর আহ্বায়ক সাদেক হোসেন খোকাকেও গ্রেপ্তার করা হয়।     

মওদুদসহ পাঁচ নেতাকে দুই মামলায় ১০ দিন করে রিমান্ডে চাইলে গত ১৪ নভেম্বর মহানগর হাকিম আদালত আসামিদের জামিন নাকচ করে এক মামলায় তিন দিন ও অন্য মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।

বিএনপি নেতারা রিমান্ড স্থগিতের জন্য হাই কোর্টে গেলে বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের বেঞ্চ তা মঞ্জুর করে।

এরপর বিচারিক আদালত বিএনপি নেতাদের কারাফটকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে অনুমতি দেয়।

পুরনো খবর:

মওদুদদের জামিন হয়নি