কষ্ট হলেও আন্দোলন মেনে নিচ্ছে জনগণ: নোমান
বিরোধী দলের অবরোধ ‘সফলতার’ সঙ্গে চলছে বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
বুধবার সকালে চট্ট্রগামে দলীয় কার্যালয়ের সামনে অবরোধের সমর্থনে সমাবেশে তিনি বলেন, “অবরোধ আন্দোলন সফলতার সাথে চলছে। ঢাকা অবরুদ্ধ। ঢাকার সাথে কোনো জেলার স্বাভাবিক যোগাযোগ নেই।
“জনগণ ছাড়া কোনো আন্দোলন হয় না। ১৮ দলের নামে কর্মসূচি হলেও এখন আন্দোলনের মূল শক্তি জনগণ”।
চলমান অবরোধের কারণে জনগণের দুর্ভোগের কথা স্বীকার করে এই বিএনপি নেতা বলেন, “মানুষ চায় শেখ হাসিনার পতন। কষ্ট হলেও জনগণ এ আন্দোলন মেনে নিচ্ছে।”
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হলে ভোটে কারচুপি হবে দাবি করে তিনি বলেন, “গতকালের রাজনৈতিক পরিস্থিতি আর আজকের পরিস্থিতি এক নয়। ১৫ দিনের মধ্যে রাজনৈতিক পট পরিবর্তন হবে।”
“যাকে বিরোধী দল করে আওয়ামী লীগ নির্বাচন করতে চাইছে সে এরশাদ গতকাল সরে গেছে। আওয়ামী লীগ একতরফা নির্বাচন করতে পারবে না।”
আওয়ামী লীগ একতরফা নির্বাচনের নীল নকশা করছে দাবি করে নোমান বলেন, “একটা অংশ বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়ে যাবে। আবার কেউ কেউ নাম না জানা প্রার্থী। তাদের টাকা দিয়ে সরিয়ে দেয়া হবে।
ফাইল ছবি
সমাবেশ থেকে প্রশাসনের লোকজনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান নোমান।
সমাবেশের আগে ও পরে দলীয় কার্যালয় সংলগ্ন এলাকায় অবরোধের সমর্থনে কয়েক দফা মিছিল করে বিএনপি নেতাকর্মীরা।
নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন, বিএনপি নেতা মো. আলী, আবদুস সাত্তার, কাজী আকবর, আবদুল মান্নান ও আহমেদুল আলম রাসেল বক্তব্য দেন।
