২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমাঞ্চল রেলওয়ের ‘৫৮টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ’

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের চলমান আন্দোলনে নাশকতার লক্ষ্য হিসেবে পশ্চিমাঞ্চল রেলওয়ের ৫৮টি পয়েন্টকে অধিক ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বদরুল হাসান লিটন

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2013, 09:50 PM

Updated : 23 Aug 2022, 07:23 PM

মঙ্গলবার পশ্চিমাঞ্চল গভর্নমেন্ট রেলওয়ে পুলিশের (জিআরপি) দায়িত্বপ্রাপ্ত সুপার রকিব আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তথ্যটি নিশ্চিত করে বলেন, “সহিংস পরিস্থিতির চরম দুঃসময় পার করছে রেল কর্তৃপক্ষ।”

তিনি জানান, ৫৮টি ঝুঁকিপূর্ণ পয়েন্টের মধ্যে শুধু রাজশাহী-ঈশ্বরদী রেলপথে রয়েছে ১৯টি।

১৮ দলের হরতাল অবরোধে প্রায়ই এসব পয়েন্টে নাশকতা চালিয়ে রেল যোগাযোগ বন্ধ করে দেয়া হচ্ছে। প্রতিদিনই ঘটছে রেলকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের নাশকতা।

এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঝুকিপূর্ণ পয়েন্ট চিহ্নিত করেছে জিআরপি, বলেন রকিব।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফেরদৌস আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ছয়দিনের অবরোধেই ১৮টি নাশকতার ঘটনা ঘটেছে।

এসব ঘটনায় মামলা দায়ের ছাড়াও তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করা হচ্ছে। ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হতে পারে বলে ধারণা করছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের এই মহাব্যবস্থাপক।

এদিকে গত ছয়দিনের নাশকতার ঘটনায় ১৮টি মামলার হয়েছে নিশ্চিত করে জিআরপি সুপার রকিব আহমেদ বলেন, এসব মামলায় এ পর্যন্ত ২০ জনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।

যেসব জায়গায় পুলিশের মুভমেন্ট নেই বা মুভমেন্ট করার সুযোগ নেই সে জায়গাগুলোতে নাশকতা সৃষ্টি করা হচ্ছে বলে জানান তিনি।

রেলওয়ে পুলিশ সুপার বলেন, নাশকতা ঠেকাতে মঙ্গলবার থেকে এসব জায়গাগুলোতে তিনজন করে আনসার সদস্য দেয়া হয়েছে। জিআরপি ও স্থানীয় থানা পুলিশকে সহযোগিতা করবে তারা ।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

নাশকতা রোধে রাতে রেলট্রলির মাধ্যমে টহলের ব্যবস্থা নেয়া হয়েছে। কোনো ট্রেন ছাড়ার আগে পুলিশ ট্রলিতে করে টহল দিয়ে ক্লিয়ারেন্স দেওয়ার পর স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাবে বলে জানান তিনি।

তবে নাশকতা রোধে জনবল সংকট একটি বড় বাধা উল্লেখ করে রকিব আহমেদ বলেন, একটি ট্রেনে ৯ থেকে ১১টি বগি থাকলেও সেখানে পুলিশ দেয়া হয় মাত্র পাঁচজন।

এদের মধ্যে আবার বর্তমান সহিংস পরিস্থিতির কারণে ড্রাইভার বা লোকমাস্টারের কাছে একজন পুলিশ সার্বক্ষণিক দেয়া থাকে।

প্রতিটি বগিতে একজন করে পুলিশ দেয়া গেলে ট্রেনে আগুন দেয়ার ঘটনা কমানো যেত বলে মনে করেন রেলওয়ের এই পুলিশ সুপার।

গত ছয়দিনের অবরোধে পশ্চিমাঞ্চল রেলে ১৮টি নাশকতার ঘটনার কয়েকটি তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপকালে তুলে ধরেন।

তিনি জানান, সোমবারের অবরোধে নওগাঁর রানীনগরে রেললাইন উপড়ে ফেলা হয়।

এর দুই দিন আগে শনিবার রাতে রাজশাহী জেলার চারঘাট উপজেলার তিনটি স্থানে লাইনের ফিসপ্লেট খুলে ফেলে দুর্বৃত্তরা।

একই দিন ঈশ্বরদীতে লাইন তুলে নাশকতা সৃষ্টি করে অবরোধকারিরা। এর আগে ঈশ্বরদী ও সারদা এলাকায় ট্রেনে আগুন দেয়া হয় বলে জানান তিনি।

এদিকে ট্রেনে নাশকতা প্রতিরোধে ঝুঁকিপূর্ণ রেললাইনের নিরাপত্তায় দেশব্যাপী আনসার মোতায়েন করা প্রসঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা বলেন বাহিনীর রাজশাহী জেলা কমান্ড্যান্ট সৈয়দ মোস্তাক হাসান।

তিনি জানান, আনসার ভিডিপি সদর দপ্তরের গৃহীত কার্যক্রমের অংশ হিসেবে রাজশাহী-ঈশ্বরদী রুটের ঝুঁকিপূর্ণ ১৯টি রেল গেইট এলাকায় একজন প্লাটুন কমান্ডারের (পিসি) নেতৃত্বে তিনজন আনসার নিরাপত্তার দায়িত্ব পালন শুরু করেছে।

আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে প্রতিরোধ করতে না পারলে জিআরপি ও স্থানীয় পুলিশকে খবর দিবে বলে তিনি জানান।