জরুরি অবস্থা জারির পাঁয়তারা চলছে: নোমান
বিরোধী দলের অবরোধে সংঘাতের জন্য সরকারকে দায়ী করে একে জরুরি অবস্থা জারির ‘পাঁয়তারা’ বলে দাবি করেছেন বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান।
নির্দলীয় সরকারের দাবিতে বিরোধী দলের সংঘাতময় অবরোধের মধ্যে এই কর্মসূচির সমর্থনে মঙ্গলবার চট্টগ্রামে এক সমাবেশে তিনি এই দাবি করেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান নোমান বলেন, “সরকার একদিকে দমন, পীড়ন ও নির্যাতন চালিয়ে বিএনপিকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্নের চেষ্টা করছে।
“আর অন্যদিকে পরিকল্পিতভাবে হত্যা, সন্ত্রাস ও বোমা হামলা চালিয়ে দেশে জরুরি অবস্থা ঘোষণার পাঁয়তারা চালাচ্ছে।”
নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘাতের মধ্যে ২০০৭ সালে দেশে জরুরি অবস্থা জারি হয়েছিল। তখন ক্ষমতায় ছিল বিএনপি এবং বিরোধী দলে ছিল আওয়ামী লীগ।
এর সাত বছরের মাথায় নির্বাচনকে কেন্দ্র করে আবার মুখোমুখি দুই প্রধান দল। এবার ক্ষমতায় আওয়ামী লীগ এবং বিরোধী দলে বিএনপি।
রাজনৈতিক সমঝোতার আগে নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট এবার টানা অবরোধ ডেকেছে। এতে সহিংসতায় অন্তত মঙ্গলবার পর্যন্ত ৩৭ জন নিহত হয়েছেন।
নোমান বলেন, “আমাদের আন্দোলন এখন শুধু নির্দলীয় সরকারের দাবির মধ্যে সীমাবদ্ধ নেই। আমাদের আন্দোলন এখন গণতন্ত্র, ভোটাধিকার ও দেশরক্ষার আন্দোলনে পরিণত হয়েছে।
“চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত দেশরক্ষার এই সংগ্রাম চলবে।”
বিএনপির কার্যালয়ের সামনে নূর মোহাম্মদ সড়কে নোমানের নেতৃত্বে এই সমাবেশে বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ ওয়াহিদুল আলম, চট্টগ্রাম নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান, বিএনপি নেতা আনোয়ার হোসাইন, জাহাঙ্গীর আলম চৌধুরী, আবদুস সাত্তার, কাজী আকবর বক্তব্য রাখেন।
