রব্বানীর বাড়িতে হামলায় নিহত ১, কানসাটে ১৪৪ ধারা
চাঁপাইনবাবগঞ্জের কানসাট আন্দোলনের নেতা এবং আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া গোলাম রব্বানীর বাড়িতে অবরোধকারীদের হামলায় একজন নিহত হয়েছেন।
সোমবার দুপুরে পুকুরিয়া গ্রামে তাদের বাড়িতে হামলাকারীরা আগুন দেয় বলে রব্বানীর বড়ভাই জানান।
এ ঘটনায় শিবগঞ্জ উপজেলা সদর এবং কানসাট ইউনিয়নে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই ঘটনার পর পুকুরিয়া গ্রামের খলিলুর রহমানের ছেলে রুবেলকে (২৫) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
“রুবেলের বুকের বাঁ পাশে হাতবোমার স্প্লিন্টার লেগেছে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন জানান, “দুজন নিহত হওয়ার কথা শুনেছি। তবে, একজনের ব্যাপারে নিশ্চিত।”
এ ব্যাপারে কাউকে আটক করা যায়নি। চেষ্টা চলছে বলে তিনি জানান।
রব্বানীর ভাই আবু বক্কর সিদ্দিক জানান, সোমবার দুপুর ২টার দিকে কয়েকশ অবরোধকারী তাদের বাড়িতে হামলা করলে দুপক্ষের লোকজনের সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে বোমা বিস্ফোরণে আঘাত পান রুবেল।
পরে পুলিশ, র্যাব ও বিজিবি ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
জেলা প্রশাসক সর্দার সরাফত আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শিবগঞ্জ উপজেলা সদর ও কানসাট ইউনিয়নে ১৪৪ ধারা বলবৎ থাকবে বলে তিনি জানান।
পল্লী বিদ্যুতের নানা হয়রানি বন্ধের এবং বিদ্যুতের দাবিতে ২০০৬ সালের জানুয়ারিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নে ব্যাপক আন্দোলন গড়ে ওঠে।
চার দলীয় জোট সরকারের সময় এ বিক্ষোভ দমনে আইনশৃংখলা রক্ষাবাহিনী গুলি চালায়। এতে হতাহতের ঘটনাও ঘটে।
গোলাম রব্বানী আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) থেকে মনোনয়ন পেয়েছেন।
