২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভীত হয়েই দমন-নিপীড়ন: বিএনপি

গণ আন্দোলনের তীব্রতায় ভীত হয়ে সরকার দমন, নিপীড়ন শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2013, 05:54 PM

Updated : 23 Aug 2022, 07:22 PM

শনিবার বিকালে এক বিবৃতিতে তিনি বলেন, “গণ আন্দোলনের তীব্রতা দেখে সরকার অতিমাত্রায় ভীত হয়ে দমন-পীড়ন, হামলা-মামলা, হত্যা-গ্রেপ্তারের চালিয়ে শেষ রক্ষা পেতে চায়। কিন্তু ইতিহাস সাক্ষী দেয়, সব স্বৈরাচারের পতন হয়েছে গণ আন্দোলনের মুখে।”

একই সঙ্গে গ্রেপ্তারকৃত দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ শীর্ষস্থানীয় নেতাদের মুক্তিও দাবি করেন তিনি।

রিজভী গ্রেপ্তারের পর দলের দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেন, “অবৈধ সরকারের মন্ত্রীরা আলোচনার নামে ধুম্রজাল তৈরি করছে। আলোচনার আগে সব নেতাকর্মীর মুক্তি দিয়ে মামলা প্রত্যাহার করে আলোচনা পরিবেশ তৈরি করতে হবে।”

তিনি বলেন, “আমরা কোনো গোপণ সংগঠন করি না। তলে তলে নয়, আলোচনা যদি হয়, তা প্রকাশ্যে হতে হবে। অবশ্যই আলোচনার পূর্বে নির্দলীয় সরকারের গণদাবি নীতিগতভাবে মেনে নিতে হবে।”

যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ও নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানানো হয় বিবৃতিতে।

এতে এই ঘটনাকে ‘ইতিহাসের কলঙ্কজনক অধ্যায়’ হিসাবে আখ্যায়িত করা হয়।

শাহবাগে বাসে আগুন দেয়ার মামলায় শনিবার ভোরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে রিজভীকে গ্রেপ্তার করা হয়।

দলের যুগ্ম মহাসচিব আবদুল লতিফ জনি স্বাক্ষরিত বিবৃতিতে সালাহউদ্দিন আহমেদ জানান, ১৮ দলীয় জোটের ডাকা ৭২ ঘন্টার অবরোধ কর্মসূচির প্রথম দিনে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডারদের হামলা ও গুলিবর্ষণের ঘটনায় দুই জন নিহত হয়েছে।

অবরোধ কর্মসূচিতে জনগণ স্বস্ফূর্তভাবে সাড়া মিলেছে বলেও দাবি করেন তিনি।