খালেদার পাশে থাকার ঘোষণা কাজী জাফরের
নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান দাবি করে বিএনপির নির্দলীয় সরকারের আন্দোলনের সঙ্গে থাকার ঘোষণা দিয়েছেন কাজী জাফর আহমদ।
শুক্রবার রাতে খালেদা জিয়ার গুলশানের বাসায় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে এই অবস্থান তুলে ধরেন তিনি।
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বৃহস্পতিবার দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরকে বহিষ্কারের ঘোষণা দেয়ার পরদিন বিরোধী দলীয় নেতার সঙ্গে এ বৈঠক করেন তিনি।
কাজী জাফর আহমদ বলেন, “এরশাদকে অপসারণ করে আমাকে চেয়ারম্যান করে জাতীয় পার্টির নতুন কমিটি গঠিত হয়েছে। এই কমিটির চেয়ারম্যান আমি এবং গোলাম মসহি হচ্ছেন মহাসচিব।”
বিরোধী দলীয় নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন বলে জানান তিনি।
বিএনপি চেয়ারপারসনের সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে কাজী জাফর বলেন, “নির্বাচনসহ আন্দোলন নিয়ে আলোচনা হয়েছে। আমরা নির্দলীয় সরকারের দাবিতে চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছি।”
রাত সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত রুদ্ধদ্বার এই বৈঠক হয়। গণমাধ্যম কর্মীদের কোনো ছবি নিতে দেয়া হয়নি। খালেদা জিয়ার সঙ্গে দলের অন্য কোনো নেতা ছিলেন না বৈঠকে।
বৈঠকের পর বাসার ভিতর থেকে গাড়িতে চড়ে কাজী জাফরসহ অন্যরা বেরোলে গণমাধ্যম কর্মীরা তাদের ঘিরে ধরে।
এ সময় গাড়ির মধ্যে বসেই তিনি বলেন, “দুই-একদিনের মধ্যে আমি সংবাদ সম্মেলন করব। সেখানেই সব কিছু বলব।”
কাজী জাফরের সঙ্গে গোলাম মসিহ্সহ জাতীয় পার্টির সভাপতিমণ্ডলী থেকে সদ্য পদত্যাগকারী মাওলানা মজিবর রহমান যুক্তিবাদী, সভাপতিমণ্ডলির সদস্য গোলাম হাবিব দুলাল, সংসদ সদস্য নবাব আলী আব্বাস, অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল মাহমুদুল হাসানসহ ১৫ জন ছিলেন।
জাতীয় পার্টি শেখ হাসিনা নেতৃত্বাধীন নির্বাচনকালীন সরকারে অংশ নেয়ায় গত ২৩ নভেম্বর এক বিবৃতিতে এরশাদকে ‘বিশ্বাসঘাতক' বলেন কাজী জাফর।
তখনই জাফরকে দল থেকে বহিষ্কারের গুঞ্জন উঠলেও তা নাকচ করে এরশাদ সে সময় বলেন, ‘অভিমানী' কোনো বক্তব্যের কারণে তিনি শাস্তি দেবেন না। জাফর জাতীয় পার্টির সঙ্গেই থাকবেন।
কিন্তু গত বুধবার কাজী জাফর সংবাদ মাধ্যমের কাছে ‘নীতির প্রশ্নে’ অটল থাকার কথা বলার পর বৃহস্পতিবার তাকে দল থেকে বহিষ্কার করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
এরপর এক বিবৃতিতে পাল্টা এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যানের পদ থেকে অপসারণের ঘোষণা দেন কাজী জাফর।
ছাত্রজীবনে পিকিংপন্থী ছাত্র ইউনিয়নের রাজনীতির পর ১৯৬৬ সালে চীনপন্থী কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হন কাজী জাফর। টঙ্গীর শিল্পাঞ্চলে শ্রমিক রাজনীতিতে জড়িয়ে শ্রমিকনেতা হিসেবেও পরিচয় গড়ে ওঠে তার।
স্বাধীনতার পর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বাধীন ন্যাশনাল আওয়ামী পার্টিতে যোগ দেন। পরে ১৯৭৪ সালে আসেন ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরীর নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস পার্টিতে।
১৯৭৫ সালে সপরিবারে বঙ্গবন্ধু হত্যার পর জেনারেল জিয়াউর রহমানের সরকারে শিক্ষামন্ত্রী হিসেবে যোগ দেন তিনি।
জেনারেল জিয়ার হত্যাকাণ্ডের পর জেনারেল এরশাদ ক্ষমতা গ্রহণ করলে তার সরকারে যোগ দেন কাজী জাফর আহমদ। ১৯৮৯ সাল থেকে ১৯৯০ পর্যন্ত দেশের প্রধানমন্ত্রীও ছিলেন তিনি।
