খালেদার সঙ্গে বৈঠকে কাজী জাফর
জাতীয় পার্টি থেকে বহিষ্কারের পরদিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন কাজী জাফর আহমদ।
শুক্রবার সন্ধ্যায় ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে তিনি খালেদা জিয়ার গুলশানের বাসায় যান বলে কাজী জাফরের একান্ত সচিব গোলাম মোস্তফা জানান।
সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে বিরোধী দলীয় নেতার সঙ্গে তাদের বৈঠক শুরু হয় বলে খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান জানিয়েছেন।
জাতীয় পার্টি শেখ হাসিনা নেতৃত্বাধীন নির্বাচনকালীন সরকারে অংশ নেয়ায় গত ২৩ নভেম্বর এক বিবৃতিতে এরশাদকে ‘বিশ্বাসঘাতক' বলেন দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর।
তখনই জাফরকে দল থেকে বহিষ্কারের গুঞ্জন উঠলেও তা নাকচ করে এরশাদ সে সময় বলেন, ‘অভিমানী' কোনো বক্তব্যের কারণে তিনি শাস্তি দেবেন না। জাফর জাতীয় পার্টির সঙ্গেই থাকবেন।
কিন্তু গত বুধবার কাজী জাফর সংবাদ মাধ্যমের কাছে ‘নীতির প্রশ্নে’ অটল থাকার কথা বলার পর বৃহস্পতিবার তাকে দল থেকে বহিষ্কার করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
ছাত্রজীবনে পিকিংপন্থী ছাত্র ইউনিয়নের রাজনীতির পর ১৯৬৬ সালে চীনপন্থী কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হন কাজী জাফর। টঙ্গীর শিল্পাঞ্চলে শ্রমিক রাজনীতিতে জড়িয়ে শ্রমিকনেতা হিসেবেও পরিচয় গড়ে ওঠে তার।
স্বাধীনতার পর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বাধীন ন্যাশনাল আওয়ামী পার্টিতে যোগ দেন। পরে ১৯৭৪ সালে আসেন ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরীর নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস পার্টিতে।
১৯৭৫ সালে সপরিবারে বঙ্গবন্ধু হত্যার পর জেনারেল জিয়াউর রহমানের সরকারে শিক্ষামন্ত্রী হিসেবে যোগ দেন তিনি।
জেনারেল জিয়ার হত্যাকাণ্ডের পর জেনারেল এরশাদ ক্ষমতা গ্রহণ করলে তার সরকারে যোগ দেন কাজী জাফর আহমদ। ১৯৮৯ সাল থেকে ’৯০ পর্যন্ত দেশের প্রধানমন্ত্রীও ছিলেন তিনি।
