কারাগারে পাঠানো হলো মীর নাছিরকে
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মীর নাছিরকে কারাগারে পাঠিয়েছে আদালত।
যানবাহনে অগ্নিসংযোগ ও ভাংচুরের একটি মামলায় জামিন পেলেও অন্যটিতে তার জামিন না হওয়ায় শুক্রবার চট্টগ্রাম মহানগর হাকিম সৈয়দ মাশফিকুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মীর নাছিরের আইনজীবী আবদুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালতে জামিন আবেদন করা হলে কোতোয়ালি থানার মামলায় আদালত আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত তাকে জামিন দেয়া হয়েছে। তবে চকবাজার থানার মামলায় জামিন না হওয়ায় কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) রেজাউল মাসুদ জানান, চকবাজার থানার মামলায় পুলিশ পাঁচদিনের রিমান্ড চাইলে আদালত তা নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
ঢাকায় যাওয়ার পথে বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে মীর নাছিরকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে সকালে নগর বিএনপি কার্যালয়ের সামনে থেকে পুলিশ গ্রেপ্তার করে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকারসহ ছয়জনকে।
গত বুধবার নগরীর আলমাস সিনেমা মোড় ও চট্টেশ্বরী মোড়ে সিএনজি অটোরিকশায় অগ্নিসংযোগ ও যানবাহন ভাংচুরের অভিযোগে নগরীর কোতোয়ালি ও চকবাজার থানায় আমীর খসরু, মীর নাছির, গোলাম আকবর খন্দকার, ডা. শাহাদাতসহ বিভিন্ন নেতাকর্মীদের আসামি করে পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা করে।
এছাড়া বুধবার রাতে নগরীর মেহেদীবাগস্থ নগর বিএনপি’র সভাপতি আমীর খসরুর বাসায় তল্লাশি চালায় পুলিশ।
এদিকে মীর নাছির ও গোলাম আকবর খন্দকারকে গ্রেপ্তার ও নগর বিএনপি সভাপতি ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে রোববার চট্টগ্রাম জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।
