২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগুন দিচ্ছে সরকারের ‘এজেন্টরা’: ফখরুল

শাহবাগে গাড়িতে পেট্রল বোমা ছুড়ে আগুন ধরানোর নিন্দা জানিয়ে এতে বিরোধী দলের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2013, 11:30 PM

Updated : 13 Oct 2022, 03:05 PM

পুরনো খবর:

শাহবাগে বাসে আগুনে পুড়েছেন ১৯ জন

অবরোধ আহ্বানকারী ১৮ দলের মুখপাত্র দাবি করেছেন,বিরোধী দলের আন্দোলন সম্পর্কে জনগণকে বিভ্রান্ত করতে সরকারের ‘এজেন্টরা’  গাড়িতে অগ্নিসংযোগ করেছে। 

নির্দলীয় সরকারের দাবিতে ১৮ দলের অবরোধের মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে মৎস্য ভবনের সামনে যাত্রীবাহী একটি গাড়িতে পেট্রল বোমা ছোড়া হলে ১৯ জন অগ্নিদগ্ধ হন।

অবরোধে গাড়িতে অগ্নিসংযোগের জন্য ক্ষমতাসীনদের সমালোচনার মধ্যে থাকা বিরোধী জোটের মুখপাত্র শাহবাগের ঘটনার পর এক বিবৃতিতে নাশকতার জন্য পাল্টা সরকারি দলকেই দায়ী করেন।   

গত কয়েকদিন ধরে অপ্রকাশ্যে থাকা ফখরুল বলেন, “সরকার একদিকে পুলিশ-র‌্যাব-বিজিবি এবং সন্ত্রাসীদের দিয়ে বিরোধী দলেল নেতা-কর্মীদের হত্যা, জুলুম, নির্যাতন  করছে; অন্যদিকে নিজেদের এজেন্টদের দিয়ে যানবাহনে নাশকতা করছে।

“আজ  (বৃহস্পতিবার) মৎস্য ভবন এবং শাহবাগে বাসে অগ্নিসংযোগ করে মানুষকে অগ্নিদগ্ধ করার ঘটনা আওয়ামী লীগ কর্তৃক হোটেল শেরাটনের (বর্তমানে রূপসী বাংলা হোটেল) সামনে বাসে গানপাউডার ছিটিয়ে মানুষ হত্যার ঘটনারই পুনরাবৃত্তি।”

বাসে অগ্নিসংযোগে যাত্রীরা আহত হওয়ার ঘটনার নিন্দা জানিয়ে এর সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার দাবি করেছেন ফখরুল।

ওই বাসে আগুন দেয়ার জন্য বিরোধী দলকে দায়ী করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু হাসপাতালে সাংবাদিকদের বলেছেন, “এ ধরনের কাজ যারা করে, তাদের মানুষ বলা যায় না। তারা জানোয়ার।”

ফখরুল বলেন, “আওয়ামী লীগ মূলত একটি সন্ত্রাসআশ্রিত দল। তার চেয়ে বড় কথা হলো সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে বিরোধী দলের ওপর দায়ভার চাপানো আওয়ামী লীগের সংস্কৃতি এবং অভ্যাস।

“নিজেদের অধীনে একতরফা নির্বাচন করার জন্য এহেন অপকর্ম নেই, যা তারা করছে না।”

বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়ে  তার দায় বিরোধী দলের ওপর চাপাতে সরকার সমর্থক গণমাধ্যমে ‘অপপ্রচার’  চালানো হচ্ছে বলে অভিযোগ করেন ফখরুল।

এ বিষয়ে ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।