২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘোড়াশালে ছাত্রদলের সঙ্গে সংঘর্ষে ২ ছাত্রলীগকর্মী নিহত

বিরোধী দলের অবরোধের মধ্যে নরসিংদীর ঘোড়াশালে ছাত্রদলের সঙ্গে সংঘর্ষে ছাত্রলীগের দুই কর্মী নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2013, 10:09 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে বলে পলাশ থানার ওসি মামুনুর রশিদ মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

নিহত আনোয়ার হোসেন আনু ঘোড়াশাল পৌর ছাত্রলীগ সদস্য এবং শহিদুল হক মাসুম পলাশ থানা ছাত্রলীগের সদস্য বলে জানিয়েছেন নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ।   

স্থানীয়রা জানায়, ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচির প্রতিবাদে ঘোড়াশাল পৌর এলাকার সোহাগ সিনেমা হলের সামনে বৃহস্পতিবার রাত ৮টার দিকে সভা করছিলো স্থানীয় ছাত্রলীগ নেতা-কর্মীরা।   

এসময় ছাত্রদল হাসেম ও সোহেলের নেতৃত্বে সশস্ত্র ছাত্রদলকর্মীরা তাদের ওপর হামলা চালায় ছাত্রলীগ নেতারা জানান।

তারা বলেন, গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে সাতজন গুরুতর আহত হন।

এর মধ্যে পলাশ হাসপাতালে নেয়ার পথে আনু মারা যান। ঢাকা মেডিকেল কলেজে নেয়ার পথে মৃত্যু হয় মাসুমের।

এই ঘটনায় পলাশ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেনসহ আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।