২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মীর নাছির গ্রেপ্তার

ঢাকা রওনা হওয়ার পথে চট্টগ্রাম বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন সাবেক বিমান প্রতিমন্ত্রী মীর মো. নাছির উদ্দিন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2013, 09:58 PM

Updated : 13 Oct 2022, 03:05 PM

পুরনো খবর:

মওদুদদের জামিন হয়নি

অবরোধের মধ্যে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শাহ আমানত বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) বনজ কুমার মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অবরোধে ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মীর নাছির বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা।

মীর নাছিরকে গ্রেপ্তারের পর তার বাড়ি হাটহাজারীতে রাতে সড়কে ব্যাপক ভাংচুর চালায় বিএনপির কর্মীরা।

রাত ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত অর্ধশত গাড়ি ভাংচুর হয় বলে স্থানীয়রা জানিয়েছে।

হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভাংচুর শুরু হলে পুলিশ গিয়ে তাদের হটিয়ে দেয়।

প্রায় ২০টি গাড়ি ভাংচুর হয়েছে বলে স্বীকার করেন তিনি।

তার সঙ্গে ওই মামলার আসামি বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকারকে বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করে পুলিশ। তিনি এখন কারাগারে রয়েছেন।

ওই মামলায় চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীও আসামি। তার বাড়িতে বুধবার রাতে পুলিশ তল্লাশি চালায়, তবে তাকে পায়নি।

নির্দলীয় সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের অবরোধে চট্টগ্রামে বুধবার ব্যাপক সংঘাত হয়।

ওই দিন নগরীর আলমাস সিনেমা মোড় ও চট্টেশ্বরী মোড়ে সিএনজি চালিত অটো রিকশা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় কোতোয়ালি ও চকবাজার থানার দুটি মামলা হয়।

ওই মামলায় মীর নাছির ও আকবর খোন্দকারকে আসামি করেছে পুলিশ।  নগর বিএনপির সভাপতি আমীর খসরুর পাশাপাশি সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনও ওই মামলার আসামি।

Image
গোলাম আকবর খন্দকারকে পুলিশ ভ্যানে তোলা হচ্ছে।

গোলাম আকবর খন্দকারকে পুলিশ ভ্যানে তোলা হচ্ছে।

সকালে নগর বিএনপির কার্যালয়ের সামনে থেকে সাবেক রাষ্ট্রদূত আকবর খন্দকারের সঙ্গে তার ব্যক্তিগত সহকারী অর্জুন কুমার নাথ, উত্তর জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক জসীম উদ্দিন, নগর যুবদল নেতা ইয়াছিন চৌধুরী লিটন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা খোরশেদ আলমকেও গ্রেপ্তার করে পুলিশ।

বিকালে তাদের আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

গত সোমবার অবরোধ কর্মসূচি ঘোষণার দিন ঢাকায় গ্রেপ্তার হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। তিনি এখন কারাগারে রয়েছেন।

তার আগে গ্রেপ্তার হন স্থায়ী কমিটির তিন সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু, খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।

এই পাঁচজনের জামিন আবেদন বৃহস্পতিবার নাকচ করেছে আদালত। ফলে তাদের কারাগারে থাকতে হচ্ছে।