২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো ‘তীব্র’ কর্মসূচি আসছে: রিজভী

নির্দলীয় সরকারে দাবিতে টানা ৭১ ঘণ্টা অবরোধের পর আরো ‘তীব্র’ কর্মসূচি দিতে যাচ্ছে ১৮ দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2013, 06:42 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

শুক্রবার বিকালে দেশব্যাপী গায়েবানা জানাজার পর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।

সংঘাত-সহিংসতার মধ্যে এগিয়ে চলা অবরোধের তৃতীয় দিন বিকালে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি পরবর্তী কর্মসূচি সম্পর্কে ইঙ্গিত দেন।

সঙ্কট নিরসনে সংলাপের উদ্যোগে নিয়ে ‘একতরফা’ নির্বাচনের পথ থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান রিজভী। অন্যদিকে সংলাপ না হওয়ার জন্য সরকার বিএনপিকে দায়ী করের আসছে।

বিরোধী দলের আপত্তির মধ্যে দশম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সোমবারই দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধ ডাকে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোট। পরে কর্মসূচি শুক্রবার সকাল পর্যন্ত বাড়ানো হয়।

অবরোধে এই পর্যন্ত সহিংসতায় নিহত হয়েছে ১৮ জন। বিভিন্ন স্থানে রেললাইন উপড়ে ফেলার পাশাপাশি সড়কে ভাংচুর হয়েছে অসংখ্য গাড়ি।      

অবরোধ কর্মসূচিতে আন্দোলন গতি পেয়েছে দাবি করে রিজভী বলেন, “আন্দোলনের গতি যেভাবে এগোচ্ছে, তাতে সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। যে ধরনের কর্মসূচি চলছে, আন্দোলনের কর্মসূচি আরো তীব্র থেকে তীব্রতর হবে।”

পরবর্তী কর্মসূচি কী আসছে- জানতে চাইলে তিনি বলেন, “যথা সময়েই তা জানানো হবে।”

অবরোধে বিরোধী দলের নিহত কর্মীদের স্মরণে শুক্রবার জুমার নামাজের পর সারাদেশে গায়েবানা জানাজার কর্মসূচি রয়েছে ১৮ দলের। রাজধানীতে এই কর্মসূচি পালিত হবে নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।

রিজভী জানান, অবরোধ কর্মসূচির তৃতীয় দিনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে একজন নিহত এবং ৯ শতাধিক আহত হয়েছে। গ্রেপ্তার হয়েছে সাড়ে তিনশ’, সাড়ে ৬ হাজারের বিরুদ্ধে মামলা হয়েছে।

গত তিন দিনে বিএনপি ও জামায়াতে ইসলামী মোট নয়জন নেতা-কর্মী নিহত, তিন হাজারের বেশি আহত হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

রিজভী অভিযোগ করেন,আইনশৃঙ্খলা বাহিনী বিরোধী দলের নেতাদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশির নামে ভাংচুর ও পরিবারের সদস্যদের সঙ্গে অশালীন আচরণ করছে।

“আমরা নিজেরা হাড়হিম করা অনেক নির্যাতন সয়েছি এবং সহ্য করে যাচ্ছি। কিন্তু বাড়ির শিশু, বৃদ্ধ-বৃদ্ধা ও মহিলাদের প্রতি অসম্মানজনক কোনো ব্যবহার জীবনপণ রেখে প্রতিহত করা হবে। এর দাঁতভাঙা জবাব দেয়া হবে।”

নির্বাচন কমিশনের সমালোচনা করে বিএনপি নেতা বলেন, “এতদিন আমরা বলেছি, তারা (ইসি) সরকারের সেবাদাস প্রতিষ্ঠান। এখন তাদের কর্মকাণ্ডে মনে হচ্ছে, তারা সরকারের ক্রীতদাস হিসেবে কাজ করছে।”

বিরোধী দলের সঙ্গে সমঝোতার পথ ‘বন্ধ’ করে দিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করে অশান্তি ও বিশৃঙ্খলাকে ইসিই উস্কে দিয়েছে বলে দাবি করেন রিজভী।

তিনি সরকারের উদ্দেশে বলেন, “সরকারকে এখনো বলব, সঙ্কট নিরসনের উদ্যোগ নিয়ে রক্তক্ষয় ও বিপর্যয় ঘটানোর পথে থেকে সরে আসুন। দেশব্যাপী নিজেদের লোক দিয়ে নাশকতা বন্ধ করুন। সাধারণ মানুষের শান্তি, স্বস্তি ও নিরাপত্তা ফিরিয়ে দিন।”

পুরনো খবর:

অবরোধে প্রাণ হারালেন আরো আটজন
অবরোধ শুক্রবার সকাল পর্যন্ত