‘নিরাপত্তা বাড়াতে’ বিএনপি অফিসে এবার ‘শাটার’
বাইরে একটি কলাপসিবল গেইট আগেই ছিল; ‘নিরাপত্তা বাড়াতে’ এবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে লাগানো হলো ‘শাটার’ গেইট।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এই গেট বসানোর কাজ শুরুর পর বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘নিরাপত্তার জন্যই’ এই ব্যবস্থা।
অবশ্য অফিসের কর্মীরা জানান, হরতাল বা অবরোধের মধ্যে পুলিশ কলাপসিবল গেইট লক্ষ্য করে কাঁদুনে গ্যাস ছুড়লে সিঁড়ির প্রবেশমুখে ‘অস্বস্তিকর’ অবস্থার সৃষ্টি হয়। এ থেকে রেহাই পেতেই শাটার গেইট।
এছাড়া সম্প্রতি কার্যালয়ের সামনে ‘সরকারের এজেন্টরা’ বিস্ফোরণ ঘটাচ্ছে বলেও বিএনপি কর্মীদের অভিযোগ।
বিগত হরতালের দিনগুলোতে কার্যালয়ের বাইরে পুলিশি ‘ঘেরাও’ থাকলেও কলাপসিবল গেটের ভিতরে চেয়ার পেতে বসে পত্রিকা পড়তে দেখা গেছে রিজভীকে। গত ২৫ অক্টোবর থেকে পুলিশ কর্মীদের কার্যালয়ে ঢুকতে বাধা দিচ্ছে বলে বিএনপি নেতারা অভিযোগ করে আসছেন।
সম্প্রতি নয়া পল্টনে এই কার্যালয়ে ঢোকার সময় গ্রেপ্তার হন ইসলামিক পার্টির মহাসচিব এম এ রশীদ প্রধানসহ কয়েকজন নেতা-কর্মী। গত মার্চে বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে দেড় শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
বিরোধী দলের অবরোধের মধ্যে বৃহস্পতিবারও কার্যালয়ের আশপাশে পুলিশ ও র্যাব সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। কার্যালয়ের সামনে একটি সাদা মাইক্রোবাস এবং কাছাকাছি স্থানে সাঁজোয়া যান, জলকামানের গাড়ি ও প্রিজন ভ্যান রয়েছে।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রায় এক মাস ধরে এ কার্যালয়েই আছেন। দলের নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদসহ কয়েকজন অফিস কর্মী তার সঙ্গেই দিন কাটাচ্ছেন।
