পাবনায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম
পাবনার চাটমোহরে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার ভোরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক খালেকুজ্জামান খালেককে (৪১) ঘরে ঢুকে এলোপাথারী কুপিয়ে জখম করে।
তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তরিকুল ইসলাম।
খালেক উপজেলার বোথর গ্রামের ইসলাম প্রামানিকের ছেলে।
চাটমোহর থানার ওসি আসাদুজ্জামান মুন্সি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর রাতে একদল খালেকুজ্জামানের বসত ঘরে সিঁধ কেটে ঢুকে এলোপাথারী কুপিয়ে জখম করে। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে স্বজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
