২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী চাইলে সমাধান এক মিনিটেই হয়: ড. কামাল

চলমান রাজনৈতিক সঙ্কটের সমাধানের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ভূমিকাই ‘প্রধান’ বলে মনে করেন ড. কামাল হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2013, 09:56 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার একদিন পর বুধবার তিনি এক সংবাদ সম্মেলনে বলেছেন, “প্রধানমন্ত্রী চাইলে এক মিনিটেই সঙ্কটের সমাধান হতে পারে।”

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলন করছে। দাবি না মানলে নির্বাচন প্রতিহত করার হুমকিও রয়েছে তাদের।

অন্যদিকে সংবিধান অনুসারে নির্বাচনের পক্ষপাতি আওয়ামী লীগ। বিরোধী দল দাবি তোলার পর ‘সর্বদলীয়’ সরকার গঠন করে নির্বাচনের পথে এগোচ্ছে তারা।

এক সময়ের আওয়ামী লীগ নেতা কামাল হোসেন মনে করেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন করে জনগণকে ‘খাওয়ানো’ যাবে না।

“জনগণ উনাকে (প্রধানমন্ত্রী) ক্ষমতা দিয়েছে, তিনি ক্ষমতা ভোগ করেছেন। এখন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এখন তার পদত্যাগের কথা বিবেচনা করা উচিত,” বলেন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ থেকে বেরিয়ে গণফোরাম গঠনকারী এই নেতা।

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করে আসছে। বিএনপির অনেক নেতা বলছেন, শেখ হাসিনা পদত্যাগ করলেই সঙ্কটের সমাধান হবে।       

আওয়ামী লীগকে ইঙ্গিত করে কামাল হোসেন বলেন, “যারা ২০০৭ সালের সাজানো নির্বাচনের বিরুদ্ধে আন্দোলন করে ক্ষমতায় এসেছে, তাদের তো ২০০৮ সালের নির্বাচনের বিরুদ্ধে যাওয়া শোভা পায় না।”

“আমরা ২০০৭ সালের মতো কোনো দলীয় ব্যক্তি, নির্বাচন কমিশনার ও প্রশাসনের অধীন সাজানো নির্বাচন চাই না। ২০০৮ সালের মতো নিরপেক্ষ নির্বাচন চাই। সে ধরনের সরকার, নির্বাচন কমিশন ও প্রশাসন চাই।”

২০০৭ সালে আওয়ামী লীগের নেতৃত্বে সরকারবিরোধী আন্দোলনের মঞ্চে গণফোরাম সভাপতি কামালও ছিলেন। 

২০০৭ সালের নির্বাচনের বিষয়ে আইনি লড়াইয়ের কথা উল্লেখ করে এই আইনজীবী এক প্রশ্নের উত্তরে বলেন, চলমান সঙ্কটের রাজনৈতিক সমাধান না হলে আইনি পদক্ষেপ নেয়া হবে।

Image
বঙ্গভবন থেকে বেরিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের জানান ড. কামাল হোসেন। ছবি: তানভীর আহমেদ/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বঙ্গভবন থেকে বেরিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের জানান ড. কামাল হোসেন। ছবি: তানভীর আহমেদ/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

“আইনি পদক্ষেপ অবশ্যই নেব। ইতিমধ্যে নির্বাচনী তফসিল, উপদেষ্টা নিয়োগ ও আরপিও নিয়ে রিট হয়েছে। আরো হবে।”

বর্তমান অবস্থায় ‘তৃতীয়’ কোনো পক্ষের ক্ষমতা গ্রহণের আশঙ্কা আছে কি না- জানতে চাইলে কামাল হোসেন বলেন, “বিভিন্ন রকমের আশঙ্কা থাকে। তবে আমরা সুষ্ঠু নির্বাচনের আন্দোলনে আছি, এর মধ্যেই থাকব।”

তিনি বলেন, নির্বাচনকালীন সরকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা ছাড়া এবং সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনী আইন, আচরণবিধি, জামানত ও নির্বাচনী ব্যয়সহ সামগ্রিকভাবে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

রাজধানীর বেইলি রোডে ড. কামালের বাড়িতে সংবাদ সম্মেলনে গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, কেন্দ্রীয় নেতা সুব্রত চৌধুরী, মফিদুল ইসলাম খান কামাল, শফিক উল্লাহ, সাঈদুর রহমান উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

‘রাষ্ট্রপতি চেষ্টা করছেন’