আ. লীগ সংসদীয় বোর্ডের বৈঠক বুধবার
ধানমণ্ডিতে দলীয় প্রধানের কার্যালয়ে বুধবার সকালে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ জানিয়েছেন, আওয়ামী লীগ সভানেত্রী প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে সকাল ১১টায় এই বৈঠকটি হবে।
দশম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দুদিন পর আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের এই বৈঠক হতে যাচ্ছে। নির্বাচনে ৩০০ আসনের প্রার্থী ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে বলে দলটির এক নেতা জানিয়েছেন।
তবে শেখ হাসিনার ঘনিষ্ঠ একটি সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, বিএনপিকে নির্বাচনে আনতে এখনো বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। বিএনপি এলে আওয়ামী লীগের প্রার্থী এক ধরনের হবে, না এলে ধরন ভিন্ন হতে পারে।
১৪ দলের অন্তর্ভুক্ত দলগুলোর সঙ্গে আসন ভাগাভাগির বিষয়টিও নির্বাচনে বিএনপির অংশগ্রহণের ওপর নির্ভর করছে, বলেন তিনি।
গত রোববার গণভবনে দলীয় প্রার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে শেখ হাসিনা বলেছিলেন, বিভিন্ন সময়ে করা জরিপ এবং তৃণমূল নেতাদের মতামতের ভিত্তিতেই প্রার্থী চূড়ান্ত করা হবে।
তবে প্রার্থিতা বাতিলসহ যে কোনো জটিলতা এড়াতে প্রত্যেক আসনে একজন করে বিকল্প প্রার্থী রাখা হবে বলে আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন।
