বৈঠক ‘হয়েছে’, ‘হয়নি’
নির্বাচনকালীন সরকার নিয়ে বিপরীত মেরুতে থাকা দুই প্রধান দলের সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত মহাসচিবের কথিত বৈঠক ঘিরে দিনভর আলোচনা ছিল দেশজুড়ে।
তবে শনিবার রাতে সৈয়দ আশরাফুল ইসলাম ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বৈঠকটি হয়েছে কি না, সে বিষয়ে নিঃসন্দেহ হওয়া যায়নি।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ সরকারি দলের কয়েকজন নেতা বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বৈঠক হয়েছে।
আশরাফের কোনো বক্তব্য পাওয়া না গেলেও ফখরুল এই বৈঠকের খবর অস্বীকার করেছেন। তবে যার বাড়িতে বৈঠক হয়েছে বলে খবর প্রকাশ হয়, বিএনপির সেই সংসদ সদস্য আশরাফউদ্দিন নিজান স্পষ্ট করে কিছু বলেননি।
এর মধ্যে রোববার সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ জাতীয় প্রেসক্লাবে এক সভায় বৈঠকের কথা স্বীকার করে বলেছিলেন, আলোচনা হলেও তাতে ফল আসেনি।
কিন্তু পরে তিনি এক বিবৃতিতে আগের বক্তব্য অস্বীকার করেন। এরপর বৈঠকের খবর অস্বীকার করে একে ‘গুজব’ বলে উড়িয়ে দেয় বিএনপি।
নির্বাচনকালীন সরকার নিয়ে দুই নেত্রীর ফোনালাপ সংলাপে না গড়ানোর পর মহাসচিব পর্যায়ে বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন শীর্ষ ব্যবসায়ী নেতারা, যাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সম্মতিও দেন।
সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে ফখরুলকে তার দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের সঙ্গে আলোচনা করার পরামর্শ দেন।
এরপর শনিবার রাতে লক্ষ্মীপুরের সংসদ সদস্য নিজানের গুলশানের বাড়িতে আশরাফ ও ফখরুলের বৈঠকের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
নির্দলীয় সরকারের রূপরেখা নিয়ে আলোচনার উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়ে বিএনপির চিঠি আশরাফের বাড়িতে পৌঁছে দেয়ার পর তিনি ফোন করেছিলেন ফখরুলকে।
গত ২২ অক্টোবর ফখরুল সংবাদ সম্মেলনে থাকা অবস্থায় ওই টেলিফোন আসার পর তাদের কথপোকথনের সাক্ষী দেশবাসী হয় সংবাদ মাধ্যমের বদৌলতে।
এরপর আলোচনার জন্য আশরাফকে টেলিফোন করেও না পাওয়ার অভিযোগ করেন ফখরুল। অন্যদিকে আশরাফ বলেন, তাকে ফোন করা হয়নি।
সকালে প্রেসক্লাবে এক আলোচনা সভায় সাবেক সেনা কর্মকর্তা হান্নান শাহকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, বৈঠক হয়েছে। তবে তাতে কোনো ফল হয়নি।
এর ঘণ্টা দুই পর তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “বৈঠক হয়েছে এবং এ ধরনের বৈঠক আগামীতেও হবে।”
একই ইঙ্গিত দিয়ে নির্বাচনকালীন সরকারের মন্ত্রী হিসেবে শপথ নেয়া তোফায়েল আহমদ বলেন, বিএনপিকে নির্বাচনে আনার চেষ্টা চলছে।
তবে বৈঠকের বিষয়ে ফখরুলের কাছে জানতে চাওয়া হলে তিনি সরাসরি তা ‘মিডিয়ার প্রচার’ বলে উড়িয়ে দেন। হান্নান শাহর বক্তব্যের বিষয়েও কিছু জানেন না বলে জানান।
এরপর হান্নান শাহ এক বিবৃতিতে তার আগের দেয়া বক্তব্যের ব্যাখ্যায় বলেন, তিনি যা বলেছিলেন, তা গণমাধ্যমে ‘ভুলভাবে’ এসেছে।
বিএনপির এই নেতা বলেন, তিনি গণমাধ্যমের খবরের ওপর ভিত্তি করে ওই কথা বলেছিলেন। পরে দলের পক্ষ থেকে জেনেছেন যে খবরটি ঠিক নয়।
কথিত বৈঠকের বিষয়ে ‘হোস্ট’ সংসদ সদস্য নিজানের কাছে জানতে চাইলে তিনি ‘হ্যাঁ’ বা ‘না’ কিছুই বলেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জিজ্ঞাসায় তিনি বলেন, “এটা মহাসচিব পর্যায়ের বিষয়, তারাই বলবেন। আমার নেতা বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উনি এ বিষয়ে যেটুকু বলেছেন, আমিও তা-ই জানি।”
এর বাইরে আর বলার কিছুই নেই বলে জানিয়ে দেন নিজান। সেই সঙ্গে বলেন, “সংলাপ যদি হয়েও থাকে, তা বলবেন মহাসচিবরা। আমরা চাই সংলাপ হোক।”
“সংবাদটিই বড় কথা নয়, সংলাপই বড় কথা। সংলাপ যাতে বিঘ্নিত না হয় সে চেষ্টা করতে হবে।”
এরপর সন্ধ্যায় দলের অবস্থান নিয়ে সংবাদ সম্মেলনে আসেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, “ভারপ্রাপ্ত মহাসচিব ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মধ্যকার বৈঠকের খবরটি অসত্য ও ভিত্তিহীন। এরকম বৈঠকের কোনো ভিত্তি নেই। এটা গুজব।”
দলের নীতি-নির্ধারণী ফোরামের সদস্য হান্নান শাহ’র বক্তব্যের ব্যাখ্যাও দেন রিজভী।
তিনি সরকারের সমালোচনা করে বলেন, “বিরোধী দলের ওপর স্টিমরোলার চালিয়ে সরকার একতরফাভাবে নির্বাচনের দিকে এগুচ্ছে। কিন্তু কঠিন আত্মোৎসর্গ করার প্রতিজ্ঞা নিয়ে আমরা রাস্তায় নেমেছি। শত গুলিবর্ষণ ও হামলা করে এই আন্দোলনকে স্তব্ধ করা যাবে না।”
বিএনপি অস্বীকার করলেও আওয়ামী লীগ নেতারা বলছেন বৈঠকটি হয়েছে। তাহলে অস্বীকারের কারণ কী- প্রশ্ন করা হলে এক নেতা বলেন,“হয়তো বিএনপি মনে করছে, বৈঠকের খবর এখন প্রচার হলে আন্দোলনে থাকা তাদের কর্মীদের মনোবল দুর্বল হবে, তাই তারা এখনি স্বীকার করতে চাচ্ছে না।”
