২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কথিত বৈঠক: ব্যাখ্যা দিলেন হান্নান শাহ

প্রধান দুই দলের মুখপাত্রের কথিত বৈঠক নিয়ে মুখ খুলেও পরে আবার বিবৃতি দিয়ে তার ব্যাখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স হান্নান শাহ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2013, 05:17 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

রোববার দুপুরে এক বিবৃতিতে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মধ্যে যে কথিত আলাপ হয়েছে বলে বক্তব্য দিয়েছি তা গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।”

এর কয়েক ঘণ্টা আগে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় হান্নান শাহ বলেন, গুলশানের একটি বাসায় আশরাফ-ফখরুলের বৈঠক হয়েছে বলে তিনি পত্রিকায় দেখেছেন।

“তবে ওই বৈঠকে উল্লেখ করার মতো কেনো ফলাফল হয়নি। বৈঠকে কোনো এজেন্ডা ছিল না।’’

তার ওই বক্তব্যের পরও মির্জা ফখরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হান্নান শাহর বক্তব্য তিনি ‘জানেন না’। আর আশরাফের সঙ্গে তার কোনো বৈঠকও হয়নি।

শনিবার রাতেও বৈঠকের বিষয়টি অস্বীকার করেছিলেন ফখরুল।

আওয়ামী লীগের কেউ এ বিষয়ে কথা না বললেও তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু রোববার বলেছেন,  আশরাফ-ফখরুল বৈঠক হয়েছে এবং এমন বৈঠক আরো হবে।  

শনিবার রাতে লক্ষীপুর-৪ আসনের সাংসদ এ বি এম আশরাফ উদ্দিন নিজানের গুলশানের বাসায় সেই কথিত বৈঠক হয় বলে বিভিন্ন গণমাধ্যমের খবর।

বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে নিজের বক্তব্যের ব্যাখ্যায় অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ বলেন,  “মূলত, আমি আজ কিছু গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত উল্লিখিত দুজন নেতার বৈঠকের খবরটির পরিপ্রেক্ষিতেই বক্তব্য দিয়েছি। পরে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের নিকট থেকে বৈঠকের বিষয়টি ভিত্তিহীন নিশ্চিত হয়ে তা ইতোমধ্যে গণমাধ্যমে জানিয়েছি, যা কিছু গণমাধ্যম প্রচার করেছে।”

বৈঠকের খবরটি ‘অসত্য এবং নিছক গুজব’ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এ বিষয়ে আর কেউ যাতে বিভ্রান্তি ছড়াতে না পারে সেজন্য আমি সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি।”