খুলনায় পুলিশ ও ১৮ দল নেতাকর্মীর সংঘর্ষ
খুলনার তেরখাদা উপজেলায় পুলিশের সঙ্গে ১৮ দলের নেতাকর্মীদের সংঘর্ষে দুই পুলিশসহ অন্তত ১২ জন আহত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় তেরখাদা থানা রোডে এ সংঘর্ষের সময় ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করেছে পুলিশ।
এরা হলেন বিএনপিকর্মী ওমর ফারুক, শিবিরকর্মী জুবায়ের ও আব্দুস সামাদ।
বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংঘর্ষে তাদের এসআই রহিম ও কনস্টেবল আনোয়ার হোসেন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা উপজেলা সদরে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি থানার সামনে পৌঁছলে পুলিশ বাধা দেয়।
এ সময় জোটের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাচঁ রাউন্ড কাদানে গ্যাস ও ১০ রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছোড়ে বলে জানান ওসি আনোয়ার ।
তিনি বলেন, বিনা উস্কানিতে মিছিল থেকে শিবিরের এক কর্মী পুলিশের ওপর হামলা চালালে এ সংঘর্ষ বাধে।
এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম শফিকুল আলম দাবি করেন, পুলিশই বিনা উস্কানিতে তাদের উপর হামলা করে।
পুলিশের সঙ্গে ১৮ দলীয় জোটের সংঘর্ষের পর আওয়ামী লীগ সদরে এক প্রতিবাদ মিছিল করেছে।
বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন খুলনার পুলিশ সুপার আব্দুর রউফ।
