যশোরে সংঘর্ষে আহত ‘শিবিরকর্মীর’ মৃত্যু
যশোরের মণিরামপুর উপজেলায় আওয়ামী লীগের সঙ্গে বিরোধী দলীয় নেতাকর্মীদের সংঘর্ষে আহত এক ‘শিবিরকর্মীর’ মৃত্যু হয়েছে।
বৃহষ্পতিবার রাতে এ সংঘর্ষে আহত হন আশিকুর রহমান (২২)। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।
উপজেলার আমিনপুর গ্রামের তৈয়েব আলীর ছেলে আশিকুর শিবিরকর্মী বলে জানিয়েছেন চিনাটোলা ইউপি সদস্য যুবদল নেতা মোশাররফ হোসেন।
মণিরামপুর থানার ওসি মীর রেজাউল ইসলাম ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে মনিরামপুরের চিনাটোলা বাজারে সরকার ও বিরোধী দলের সমর্থকদের সংঘর্ষ বাধে।
এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আশিকুর রহমান গুরুতর জখম হন। তাকে প্রথমে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সবশেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা চলছে। সংঘর্ষের সময় পুলিশ শিবিরকর্মী আসাদুজ্জামান (২০) ও ছাত্রলীগকর্মী শহিদুল ইসলামকে (২৫) আটক করেছে।
চিনাটোলা ইউনিয়ন পরিষদের সদস্য যুবদল নেতা মোশাররফ হোসেন জানান, আশিকুর শিবির কর্মী। তিনি আমিনপুর গ্রামের তৈয়েব আলীর ছেলে।
