২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বিএনপির সংঘর্ষ, কার্যালয়ে ভাংচুর

সমাবেশে সভাপতিত্ব করা নিয়ে রাজশাহীর পবা উপজেলায় বিএনপির দুগ্রুপের সংঘর্ষে অন্তত তিন জন আহত হয়েছেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2013, 06:50 PM

Updated : 25 Apr 2022, 07:33 PM

শুক্রবার বিকালে এ সংঘর্ষ চলাকালে দলীয় কার্যালয় ও দুইটি গাড়ি ভাংচুর করা হয়। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পবা সেচ্ছাসেবক দলের সভাপতি জুয়েল হোসেন বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকালে নওহাটা বাজারে পবা উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা।

মিছিল শেষে দলের কার্যালয়ের সামনে সমাবেশের সভাপতি হিসেবে নওহাটা পৌর বিএনপি সভাপতি ও সাবেক মেয়র রফিকুল ইসলাম রফিকের নাম ঘোষণা করেন দলের জেলা সহসভাপতি তোফাজ্জাল হোসেন তপু।

এ সময় পৌর বিএনপি সাধারণ সম্পাদক ওয়াদুদ হাসান পিন্টু মাইক কেড়ে নিয়ে সমাবেশের সভাপতি হিসেবে পাল্টা নাম ঘোষণা করেন জেলা সহসভাপতি মাইনুল হাসান পান্নার।

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায় বলে জুয়েল জানান।

পবা থানার ওসি আকরাম হোসেন বলেন, নিজেদের মধ্যে বিরোধের জের ধরে বিএনপির দুগ্রুপ লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে প্রায় ২০ মিনিট সংঘর্ষ ও ধাওয়ার পাল্টা ধাওয়ায় লিপ্ত থাকে।

এক পর্যায়ে তারা দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় এবং রাজশাহী-নওগাঁ মহাসড়ক ১০ মিনিট অবরোধ করে একটি বাস ও একটি টেম্পু ভাংচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণ করলে চলাচল সাভাবিক হয়।

জেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জল হোসেন তপু বলেন, জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ হলেও বিএনপির প্রবীণ নেতা ও পৌরসভার সভাপতি হিসেবে সমাবেশ সভাপতিত্ব করার জন্য রফিকুল ইসলাম রফিকের নাম ঘোষণা করেছিলাম। এ নিয়ে স্থানীয় নেতাদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে সামন্য বিশৃংখলা সৃষ্টি হয়।