‘বিরোধী নেতা বললে যেকোনো সময়ই সংলাপ’
বিরোধী দলীয় নেতা বললে সরকার যেকোনো সময়ই সংলাপে বসতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি।
বুধবার দুপুরে চাঁদপুরে তিনি সাংবাদিকদের বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সংবিধানের মতেই করার ব্যবস্থা নিয়েছে সরকার। নির্বাচন কমিশনও তার প্রস্তুতি নিয়েছে।
যেই সংলাপের কথা বলা হচ্ছে, সংলাপের আহ্বান কিন্তু প্রধানমন্ত্রী অনেক আগে থেকেই জানিয়ে আসছেন। তার সেই আমন্ত্রণ এখনো রয়েছে।
“আমরা বারবারই বলেছি, এখনো বলছি, যেকোনো সময়ই বিরোধী দলীয় নেতা বললে আমরা সংলাপে বসতে পারি,” বলেন তিনি।
জেলা প্রশাসক কার্যালয়ে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
এর আগে তিনি প্রধানমন্ত্রী কর্তৃক চাঁদপুরের নয়টি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব প্রকল্পের উদ্বোধন করেন।
