২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনএফের হয়ে ভোটে দাঁড়াবে তৃণমূল ন্যাপ

বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) নিবন্ধন পেলে তাদের প্রতীক নিয়ে আগামী নির্বাচনে অংশ নেবে তৃণমূল ন্যাপের প্রার্থীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2013, 07:14 PM

Updated : 23 Aug 2022, 07:17 PM

রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এ ঘোষণা এসেছে।

নির্বাচন কমিশনে কারো আপত্তি না আসায় বিএনএফের নিবন্ধন পাওয়া এখন সময়ের ব্যাপার। দুয়েকদিনের মধ্যে টেলিভিশন প্রতীকে দলটি নিবন্ধন পাবে- এমন আভাস মিলেছে।

অনুষ্ঠানে বিএনএফের প্রধান সমন্বয়ক ও মুখপাত্র আবুল কালাম আজাদও নিবন্ধিত দল হিসাবে আগামী সংসদ নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন।

তিনি বলেন, “আগামী নির্বাচনে নিবন্ধিত দল হিসেবেই আমরা অংশ নেব। যদি নির্বাচন কমিশন অনুমতি দেন তাহলে আমি তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। এর মধ্যে অন্তত দুটিতে অবশ্যই জিতে আসব।”

তবে এজন্য অবশ্যই নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হতে হবে বলে মন্তব্য করেন তিনি।

শুরুতে দলীয় লোগোতে বিএনপির ধানের শীষের অনুরূপ প্রতীক থাকায় আলোচনার জন্ম দেয় দলটি। সে সময় বিএনপি অভিযোগ করে, বিএনপিকে ভাঙার জন্য বিএনএফ গঠনের ‘ষড়যন্ত্র’ করা হচ্ছে।

অবশ্য সংগঠনটির পক্ষ থেকে শুরু থেকেই বলা হয়েছে, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাতেই বিএনএফ প্রতিষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেয়ারও আহ্বান জানিয়ে আবুল কালাম আজাদ বলেন, “যে কোনো উপায়েই নির্বাচন হোক না কেন আমরা নির্বাচনে যাব। আপনারা নির্বাচনের প্রস্তুতি নিন।”

এ সময় তিনি জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ‘ভুল রাজনীতি’ পরিহার করে বিএনএফে যোগ দিতে আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে তৃণমূল ন্যাশনাল আওয়ামী পার্টির (তৃণমূল ন্যাপ) সভাপতি আবু হামিদুর রহমান খান ভাসানী বলেন, “আমাদের দল নিবন্ধিত নয়, তবে আমরা নির্বাচনে অংশ নিতে চাই। এ বছর আমরা বিএনএফ এর সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন করতে চাই।”

আগামী নির্বাচনে নিবন্ধিত হয়ে নির্বাচনে অংশ নেয়ার কথাও জানান মাওলানা ভাসানীর নাতি আবু হামিদুর।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনএফ এর যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, মাহজাবিন ওয়াহিদ, আঞ্জুমান সালাউদ্দিন প্রমুখ।