২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এখন খালেদারই উচিত এগিয়ে আসা’

বিএনপির সাবেক নেতা ব্যারিস্টার নাজমুল হুদা বলেছেন, বিরোধী দলীয় নেতার উচিত প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সংলাপে বসা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2013, 08:23 PM

Updated : 25 Apr 2022, 07:32 PM

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন তিনি সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত, তিনি দেশে শান্তি চান, তিনি প্রধানমন্ত্রীত্ব চান না। এই তিনটি জিনিস লক্ষ্য করলে আমি তার মধ্যে সংলাপে বসার আন্তরিকতার ইঙ্গিত পাই।”

“আমি মনে করি বল এখন বিরোধী দলের কোটে। আমি যদি আজকে বিরোধী দলের নেতা হতাম, তাহলে সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর প্রস্তাব গ্রহণ করে তাকে ধন্যবাদ জানিয়ে বলতাম, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে সাধুবাদ জানাই।”

বিএনপি ১৯৯১ সালে খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠনের পর ওই সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্ব পান নাজমুল হুদা। কিন্তু গণমাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ সরকারের ‘রূপরেখা’ দিয়ে তিনি মন্ত্রীত্ব হারান।

বর্তমানে ক্ষমতাসীন আওয়ামী লীগ সে সময় তত্ত্বাবধায়ক ব্যবস্থার পক্ষে আন্দোলন করছিল। চারদলীয় জোট সরকারের আমলে তিনি যোগাযোগমন্ত্রী হন।

নাজমুল হুদা তার বক্তব্যে আগামী নির্বাচন কীভাবে সুন্দুরভাবে পরিচালনা করা যায় সে বিষয়ে আলোচনা করে নির্বাচন কমিশন পুনর্গঠন করার বিষয়েও গুরুত্বারোপ করেন।

সাবেক যোগাযোগমন্ত্রী বলেন, “আমি বিরোধী দলের প্রধান হলে প্রধানমন্ত্রীর আমন্ত্রণের পর বলতাম- আপনি দেশকে এক গভীর সংকটের হাত থেকে রক্ষা করেছেন। আপনি সর্বোচ্চ ছাড় দিতে চেয়েছেন মানে পদ ছাড়তে চেয়েছেন, দেশে শান্তি চেয়েছেন, আমি আপনার মতকে সাধুবাদ জানিয়ে সংলাপে বসতে চাই। আমি আপনার বাসায় আসছি।”