২ জেলায় হরতাল ডেকেছে স্বেচ্ছাসেবক দল
সংগঠনের সাধারণ সম্পাদক মীর শরফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবুকে গ্রেপ্তারের প্রতিবাদে সাতক্ষীরায় শনিবার ও নোয়াখালীতে রোববার অর্ধদিবস হরতাল ডেকেছে বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দল।
সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইলিয়াস হোসেন বকুল শুক্রবার সন্ধ্যায় জানান, শনিবার সকাল ৬টা থেকে বেলা ১টা পর্যন্ত সারা জেলায় হরতাল করবেন তারা।
এদিকে সন্ধ্যায় নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের দুই নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে এবং বিএনপি নেতা মওদুদ আহমদের মুক্তির দাবিতে আগামী রোববার নোয়াখালীতে অর্ধদিবস হরতাল করবেন তারা।
আগের দিন রাতে রাজধানী থেকে স্বেচ্ছাসেবক দলের এই দুই নেতাকে আটক করে পুলিশ। পুলিশের ওপর হামলার একটি মামলায় শুক্রবার তাদের পাঁচ দিনের রিমান্ডে পাঠায় আদালত।
