২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ দিন পর গুলশানের কার্যালয়ে খালেদা

পাঁচ দিন পর গুলশানের কার্যালয়ে গেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2013, 08:42 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

টানা ৮৪ ঘণ্টা হরতাল শেষ হওয়ার পর বুধবার রাত সোয়া ৮টার দিকে গুলশানের বাসা থেকে কার্যালয়ে যান বিরোধীদলীয় নেতা। সেখানে রাত সাড়ে ১১টা পর্যন্ত থেকে বাসায় ফেরেন তিনি।

গত পাঁচ দিন বাসা থেকে বের হননি বিএনপি চেয়ারপারসন। এর মধ্যে তার বাড়ির সামনে পুলিশ ও র‌্যাবের অবস্থান ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এদিকে পাঁচদিন ‘নিরাপদ’ স্থানে থাকার পর রাতে গুলশানের কার্যালয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। গত শুক্রবার ৭২ ঘণ্টার হরতাল কর্মসূচির ঘোষণার পর তিনি আর প্রকাশ্য হননি।

রাত সোয়া ৯টার দিকে গুলশানের কার্যালয়ে ঢুকে দোতলায় খালেদা জিয়ার কক্ষে যান ফখরুল। সেখানে দলীয় প্রধানের সঙ্গে একান্তে কথা বলেন তিনি।

এরপর সাংবাদিকদের সামনে এসে ১৮ দলের পরবর্তী কর্মসূচি শনিবার সারাদেশে বিক্ষোভ-সমাবেশের কথা জানান ফখরুল।

খালেদা জিয়া যাওয়ার আগে সন্ধ্যা ৭টা থেকে ওই কার্যালয়ের সামনে এবং সংলগ্ন সড়কগুলোতে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেয়।

রাত সোয়া ৮টার দিকে খালেদা জিয়ার সাদা গাড়িটি যখন কার্যালয়ে ঢোকে তখন বিএনপির সহসভাপতি সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাহান ওমর, মাহমুদুল হাসান, সাবিহ উদ্দিন আহমেদ, আবদুল কাউয়ুম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি শ্যামা ওবায়েদ সেখানে ছিলেন।

বিরোধীদলীয় নেতার সঙ্গে দেখা করতে কার্যালয়ের ভেতরে আগে থেকে ছিলেন ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ আলম মিয়ার নেতৃত্বে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একটি প্রতিনিধি দল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান মিঞার নেতৃত্বে জিয়া পরিষদের নেতারাও সেখানে ছিলেন। অধ্যাপক মাহবুবউল্লাহ, সাবেক সচিব  আসাফ উদ-দৌলা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিয়াস করীম, সাংবাদিক মাহফুজ উল্লাহ বিরোধীদলীয় নেতার সঙ্গে কথা বলেন।

স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, মাহবুবুর রহমান, আ স ম হান্নান শাহ, আবদুল মঈন খান, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, ওসমান ফারুক, আবদুল হালিম, আইন বিষয়ক সহ সম্পাদক নিতাই রায় চৌধুরী রাতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।

মহিলা দলের ঢাকা মহানগর সভাপতি সুলতানা আহমেদ, মহিলা সাংসদ সৈয়দ আসিফা আশরাফী পাপিয়া, নিলোফার চৌধুরী মনি, শাম্মী আখতার, রাশেদা বেগম হীরাও রাতে কার্যালয়ে যান।

রাতে বাসায় রওনা হওয়ায় সময় নেতা-কর্মীরা স্লোগানে স্লোগানে বিএনপি চেয়ারপারসনকে বিদায় জানান।

খালেদা জিয়া গত বৃহস্পতিবার সর্বশেষ গুলশানের কার্যালয়ে যান। সেদিন তিনি ইউরোপীয় ইউনিয়নভুক্ত নয়টি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকের ১৮ দলীয় জোটের নেতাদের সঙ্গে আলোচনা করে রাত সাড়ে ১১টায় বাসায় ফেরেন।

গুলশানের এই কার্যালয় থেকে গত শুক্রবার ১৮ দলীয় জোটের মহাসচিবদের বৈঠকের পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৭২ ঘণ্টা হরতালের কর্মসূচি ঘোষণা করেন।

ওই বৈঠক শেষে মহাসচিবরা চলে যাওয়া পর কার্যালয়ের সামনে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেয়। এর মধ্যে কারওয়ানবাজারে গ্রেপ্তার করা হয় স্থায়ী কমিটির তিন সদস্য মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া ও এম কে আনোয়ারকে।

এরপর গুলশানে খালেদা জিয়ার বাড়ি থেকে বের হওয়ার পথে আটক করা হয় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে।

পুরনো খবর:

খালেদার বাড়িতে পুলিশ দেখে ভিড়ছেন না নেতারা
‘জনতার হাত থেকে বাঁচাতেই খালেদার বাড়িতে নিরাপত্তা’