২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বাড়িতে পুলিশ দেখে ভিড়ছেন না নেতারা

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার গুলশানের বাড়ির সামনে অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2013, 06:04 PM

Updated : 13 Oct 2022, 03:02 PM

শুক্রবার সেখান থেকে বেরিয়ে আসার মুহূর্তে দুই নেতাকে আটকের পর বিএনপির নেতারা দলীয় প্রধানের বাড়ি এড়িয়ে চলছেন।

শনিবার বিকালে গুলশানের ৮৬ নম্বর সড়কে গিয়ে বিএনপি চেয়ারপারসনের বাড়ি ‘ফিরোজা’র সামনে পুলিশ ও র‌্যাব সদস্যদের অবস্থান দেখা যায়। ছিল সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর আরো সদস্যরাও।

শুক্রবার রাতে ওই বাড়ি থেকে বেরিয়ে আসার সময় গ্রেপ্তার হন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু ও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।

তাদের আগে কারওয়ান বাজার থেকে গ্রেপ্তার করা হয় স্থায়ী কমিটির তিন সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার ও রফিকুল ইসলাম মিয়া। দুটি মামলায় পাঁচজনকেই শনিবার কারাগারে পাঠিয়েছে আদালত।

ওই পাঁচজন বিশেষ করে মিন্টু ও শিমুল গ্রেপ্তার হওয়ার পর বিএনপির কোনো নেতা চেয়ারপারসনের বাড়িতে আর ঢোকেননি। খালেদা জিয়া বাড়িতেই রয়েছেন, সারাদিন তিনি বের হননি।

বিএনপির একাধিক সহসভাপতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, শনিবার তারা গাড়ি নিয়ে দলীয় চেয়ারপারসনের বাড়ির কাছে গিয়েও গ্রেপ্তারের আশঙ্কায় ফিরে এসেছেন।

নিকট আত্মীয় ও ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা ছাড়া আর কাউকে ওই বাড়িতে ঢুকতে দেয়া হচ্ছে না বলে বিএনপি নেতারা জানান।

দুপুরে খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা খাবার নিয়ে ওই বাড়িতে ঢুকেছিলেন। ঘণ্টা-দুয়েক পর তিনি বেরিয়ে আসেন।

বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রুহুল আলম চৌধুরী বিকালে ওই বাসায় ঢুকেছেন।

কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা জানান, বিরোধীদলীয় নেতার নিরাপত্তার ‘স্বার্থে’ পুলিশ-র‌্যাব সেখানে অবস্থান নিয়েছে।

পুলিশের আকস্মিক অবস্থানের কারণে ওই বাড়ির সামনে গণমাধ্যমকর্মীরাও ভিড় করে রয়েছে।