মন্ত্রিসভার ‘রূপান্তর’ সমাধান দেবে না: বিএনপি
নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের প্রক্রিয়া শুরুর বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বিএনপি বলেছে, এতে বর্তমান সঙ্কটের সমাধান হবে না।
সর্বদলীয় সরকার গঠনে মন্ত্রিসভার সব সদস্যদের কাছ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র গ্রহণের প্রতিক্রিয়ায় বিরোধী দলের পক্ষ থেকে এই হুঁশিয়ারি দেয়া হয়।
বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “প্রধানমন্ত্রী পদত্যাগ করে যদি নির্বাচনকালীন সময়ে একটি নির্দলীয় সরকার গঠন করার উদ্যোগ নেন, তাহলেই কেবল চলমান সঙ্কটের সমাধান হবে।”
নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে টানা হরতালের দ্বিতীয় দিন নয়া পল্টনে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এর আগে সকালেই মন্ত্রিসভার বৈঠকে সব মন্ত্রীরা প্রধানমন্ত্রীর কাছে নিজ নিজ পদত্যাগপত্র দেন।
নির্বাচনের সময় বিএনপি নির্দলীয় সরকার চাইলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ সে দাবি উপেক্ষা করে সর্বদলীয় সরকারের পথে এগোচ্ছে। দুই দলের পাল্টাপাল্টি অবস্থানে রাজনৈতিক সঙ্কটের আশঙ্কা করা হচ্ছে।
রিজভী বলেন, দেশজুড়ে অশান্তি ও সংঘাতের আগুন জ্বালিয়ে দিয়ে সরকার একতরফা নির্বাচনের জন্য দলীয় পর্যায়ে মনোনয়নপত্র বিলি করছে।
“মন্ত্রীদের পদত্যাগপত্র জমা দেয়ার পর নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের যে প্রক্রিয়া সরকার শুরু করেছে, তা আমরা প্রত্যাখ্যান করছি।”
সর্বদলীয় সরকার গঠনের নামে আওয়ামী লীগ একতরফা নির্বাচনের পথে এগোচ্ছে দাবি করে তিনি বলেন, “সরকার ওই পথে হাঁটলে তার পরিণতি শুভ হবে না।”
সেক্ষেত্রে বিএনপির কর্মসূচি কী হবে- জানতে চাইলে রিজভী বলেন, “দলের নীতিনির্ধারকরা বসে এ বিষয়ে চূড়ান্ত কর্মসূচি গ্রহণ করবেন।”
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এর আগে সরকারকে হুঁশিয়ার করে বলেন, একতরফা কোনো নির্বাচনে তার দল অংশ নেবে না এবং তা হতেও দেয়া হবে না।
গত শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির তিন সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার ও রফিকুল ইসলাম মিয়াসহ পাঁচ নেতাকে আটক করে পুলিশ, তল্লাশি হয় বিভিন্ন নেতার বাড়িতে।
এরপর থেকে বিএনপি নেতারা নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে যুগ্মমহাসচিব রিজভীর অভিযোগ। কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ কাউকে ঢুকতে দিচ্ছে না, সাংবাদিকরা ঢোকার সময়ও পরিচয়পত্র চাওয়া হচ্ছিল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৮৪ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে রাজধানীসহ সারাদেশে ৫ শতাধিক নেতা-কর্মী গ্রেপ্তার এবং ৫ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এছাড়া হামলায় আহত হয়েছেন ১৪শ’ নেতা-কর্মী।
রিজভী বলেন, “পৃথিবীর নির্দয় শাসকদের প্রতিভূ হচ্ছে বর্তমান আওয়ামী লীগ। বিরোধী দলের ওপর অন্যায় নিপীড়ন চালিয়ে নিজেরা আনন্দ ভোগ করছে। দেশনেত্রীকে টার্গেট করে নানামুখী চক্রান্তের জাল বুনে যাচ্ছে।”
“কিন্তু এতে কোনো লাভ হবে না। সরকারের পৈশাচিকতা উপেক্ষা করে মৃত্যুকে আলিঙ্গন করে নেতা-কর্মীসহ দেশবাসী রাস্তায় নেমে এসেছে,” বলেন তিনি।
হরতাল সফল হচ্ছে দাবি করে বিএনপি নেতা বলেন, নির্দলীয় সরকারের দাবি জনগণ আদায় করে নেবে।
