পদত্যাগ করতে ‘যাচ্ছেন’ ওবায়দুল কাদের
নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের জন্য রোববারের মধ্যে পদত্যাগ করতে যাচ্ছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার নগর ভবনে এক অনুষ্ঠানে তিনি বলেন, “এই চুক্তি অনুষ্ঠানই হয়ত আমার শেষ চুক্তি অনুষ্ঠান, এর পর হয়ত আর কোনো চুক্তি অনুষ্ঠানে নাও আসতে পারি।
“আজ থেকে আগামী রোববারের মধ্যে পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কাছে জমা দেব।”
এর আগে এক বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের বলেন, অচিরেই মন্ত্রিপরিষদের সব সদস্য পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কাছে জমা দেবেন।
“ইতোমধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।”
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের গত মঙ্গলবার বলেছিলেন, এক সপ্তাহের মধ্যে মন্ত্রীরা পদত্যাগ করবেন, এরপর চলতি মাসের তৃতীয় সপ্তাহের শেষে বা চতুর্থ সপ্তাহের শুরুতে সর্বদলীয় সরকার গঠন করা হবে।
পদত্যাগপত্র জমা দেয়ার পর মন্ত্রিসভার সদস্যরা সচিবালয়ে অফিস করবেন কি না- জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, রাষ্ট্রপতি তা গ্রহণ না করা পর্যন্ত কাজ চালাতে কোনো বাধা নেই।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের দিকে এগোলেও বিরোধী দল নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলন করছে। ফলে নির্বাচনের কয়েক মাস আগেও রাজনৈতিক সঙ্কটের আশঙ্কা থেকেই যাচ্ছে।
মহীউদ্দীন খান আলমগীর বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্টই বলেছেন, তিনি সর্বদলীয় সরকার গঠন করবেন, যাতে নির্বাচনকালীন সময়ে দেশের প্রচলিত আইন আনুযায়ী নির্বাচন কমিশনকে সর্বাত্বক সহায়তা করা যায়।”
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেরন, অনৈতিক হরতাল ডেকে যারা সারাধণ মানুষের ক্ষতি করেছেন। সে সব হরতাল আহ্বানকারীদের বিরুদ্ধে ক্ষতিপূরণ আদায় ও শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
