গাইবান্ধায় ছাত্রলীগ কার্যালয়ে ‘শিবিরের’ হামলা
গাইবান্ধার সাদুল্লাপুরে ছাত্রলীগের স্থানীয় একটি কার্যালয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা ভাংচুর চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সন্ধ্যায় ধাপেরহাট ইউনিয়ন ছাত্রলীগের কার্যালয়ে এ হামলা চালানো হয়।
তবে শিবির এ অভিযোগ অস্বীকার করেছে।
সাদুল্লাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোনতাজের রহমান চঞ্চল জানান, লাঠি ও দেশি অস্ত্রসস্ত্র নিয়ে জামায়াত-শিবিরের সমর্থকরা রংপুর-ঢাকা মহাসড়কে অবস্থিত ধাপেরহাট বন্দরে প্রবেশ করে।
এই সংবাদ পেয়ে ছাত্রলীগ নেতা কর্মীরা জামাত-শিবিরকে ধাওয়া দেয়।
এরপর তারা ছাত্রলীগ ধাপেরহাট আঞ্চলিক শাখা কার্যালয়ে ভাংচুর করে। হামলার আগে ও পরে তারা হাতবোমার বিস্ফোরণ ঘটায়।
তিনি অভিযোগ করেন, জামাত-শিবিরের হামলার আশঙ্কায় আগে থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল ধাপেরহাট বন্দরে। কিন্তু পুলিশের নীরব ভূমিকায় তারা হামলা চালনোর সাহস পেয়েছে।
এ অভিযোগ অস্বীকার করে ওসি জিয়া লতিফুল ইসলাম বলেন, গ্রেপ্তারের ভয়ে ঘটনাস্থল থেকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পালিয়ে গেছে। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
এ বিষয়ে পলাশবাড়ি উপজেলা ছাত্র শিবিরের সভাপতি শামীম আহমেদ জানান, তাদের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগই হামলা চালায়। ফলে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
ছাত্রলীগের অফিসে ভাংচুর করার কথা তিনি অস্বীকার করেছেন।
