চাঁদাবাজির অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার
চাঁদাবাজির অভিযোগে রাজশাহীর ভবানীগঞ্জ পৌর যুবলীগ সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় বাগমারা উপজেলা চত্বর থেকে ফেরদৌস আলীকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে ভবানীগঞ্জ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মতিউর রহমান টুকুর কাছে চাঁদা দাবির অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বাগমারার থানার ওসি আব্দুল হামিদ বলেন, চাঁদাবাজির অভিযোগ ফেরদৌসকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে এ ধরনের আরো অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
উপাধ্যক্ষ মতিউর রহমান বলেন, কলেজে অনিয়ম করেছেন বলে ভয় দেখিয়ে ফেরদৌস কয়েকদিন ধরে তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন।
সোমবার সন্ধ্যায় টাকা নিতে আসবে বলে জানান তাকে এবং টাকা জোগাড় রাখতে বলেন।
তাই তিনি সোমবার দুপুরে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু বলেন, এ ঘটনা দলীয়ভাবে তদন্তের জন্য পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল মালেককে আহবায়ক করে সাত সদস্যের একটি কমিটি করা হয়েছে।
তদন্ত করে তিন দিনের মধ্যে সাংগঠনিক ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় এ তদন্ত কমিটি করা হয় বলে সান্টু জানান।
