তৃতীয় শক্তি আনার ষড়যন্ত্রে খালেদা: হানিফ
তৃতীয় শক্তিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচন বানচালের চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতা মাহাবুব-উল-আলম হানিফ।
সোমবার রাজধানীতে এক কর্মসূচিতে ক্ষমতাসীন দলের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ বলেন, “বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচন বানচালের চেষ্টার মধ্য দিয়ে তৃতীয় শক্তিকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র করছেন।
“আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হোক বেগম খালেদা জিয়া তা চান না। নির্বাচন উনার চাহিদাও নয়। খালেদা জিয়ার লক্ষ্য দেশকে রাজনৈতিকভাবে অস্থিতিশীল করা এবং নির্বাচন বানচাল করা।”
খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, “নির্বাচন বাতিলের ষড়যন্ত্র বন্ধ করেন। তৃতীয় শক্তিকে ক্ষমতায় আনার চেষ্টা বন্ধ করেন। এদেশের মানুষ আর তৃতীয় শক্তিকে ক্ষমতায় দেখতে চায় না।”
ফাইল ছবি
হরতাল দিয়ে সমস্যার সমাধান হবে না মন্তব্য করে তিনি বলেন, “আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করুন।”
বিএনপিকে আগামী নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে হানিফ বলেন, “সংবিধান অনুযায়ী যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই বিএনপি নেতৃবৃন্দকে বলি- আমরা নির্বাচনী মাঠে নেমে গেছি, আপনারাও নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করুন। নির্বাচন বানচালের ষড়যন্ত্র বন্ধ করুন। হরতালের নামে সহিংসতা বন্ধ করুন।”
পরীক্ষার সময় হরতাল দিয়ে বিরোধীদল শিক্ষার্থীদের মেধা বিকাশকে বাধাগ্রস্ত করতে চায় বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
ঢাকা মহানগর (দক্ষিণ) শ্রমিক লীগ সভাপতি শামসুল আলম বকুলের সভাপতিত্বে সভায় দলের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
