২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়িতে অস্ত্র রেখে হানা দিচ্ছে পুলিশ: বিএনপি

হরতালের আগে বিরোধী দলের নেতা-কর্মীদের হয়রানিতে পুলিশ নতুন কৌশল নিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2013, 01:15 AM

Updated : 23 Aug 2022, 07:13 PM

৬০ ঘণ্টার আগের দিন রোববার রাতে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এই অভিযোগ করেন।

তিনি বলেন, “সরকার হরতালের কর্মসূচি থেকে নেতা-কর্মীদের ভয় পাইয়ে দিতে তাদের বাড়িতে বাড়িতে হানা দিচ্ছে, বেআইনি অবৈধ অস্ত্র আগে রেখে পরে হানা দিয়ে গ্রেপ্তার করছে।”

নির্দলীয় সরকারের দাবিতে সোমবার ভোর ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে হরতাল ডেকেছে ১৮ দলীয় জোট।

এদিকে হরতালের আগের দিন রাজধানীজুড়ে অন্তত ১৮টি গাড়ি পোড়ানোর মধ্যে সন্ধ্যায় নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রিজভী জানান, হরতালের আগে রাজধানীসহ সারাদেশে ৪৭ নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে। ১১শ’ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৩ অক্টোবর মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দিঘীর পাড় ইউনিয়নের যুবদল আহ্বায়ক আবদুল মান্নানকে এবং ২৫ অক্টোবর  যুবদল নেতা আনোয়ার খান ও মিজান খানকে জেলা আদালত চত্বর থেকে র‌্যাব-পুলিশ পরিচয়ে তুলে নেয়া হয়।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

রিজভী বলেন, “এরপর থেকে তারা নিখোঁজ। পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট থানা ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেও কোনো হদিস পাননি।”

তিন নেতাকে তাদের পরিবারের কাছে ফিরে দেয়ার দাবি সরকারের কাছে জানান বিএনপি নেতা।

‘সংলাপে সরকার আন্তরিক নয়’

রাজনৈতিক সঙ্কট এড়াতে সংলাপে ক্ষমতাসীন আওয়ামী লীগ আন্তরিক নয় বলে আবার দাবি করেন রিজভী।

হরতাল প্রত্যাহার করা না হলে সংলাপ নয়- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমরা বার বার বলে আসছি, নির্দলীয় সরকারের দাবি নীতিগতভাবে মেনে নিলে সংলাপ বসতে আমরা রাজি আছি।

“এই কথাটি সরকারের কর্ণ কুহরে প্রবেশ করছে না। এ থেকে বোঝা যায়, সঙ্কট নিরসনে সংলাপ কিংবা আলোচনার ব্যাপরে সরকার আন্তরিক নয়।”

সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিএনপি নেতা বলেন,“প্রধানমন্ত্রী বলেছেন, তার অধীনে নির্বাচন হবে। আমরা মনে করি, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সরকার মূলত একদলীয় বাকশালে ফিরে গেছে। নির্বাচনে সব কিছু সাজানো থাকবে। রিটার্নিং অফিসার সাজানো ভোটের ফল প্রকাশ করবেন মাত্র।

“প্রধানমন্ত্রীর হুমকি-ধমকি থেকে বোঝা যায়, তিনি দেশে কোনো বিরোধী দল চান না। তিনি মনে করেন, ক্ষমতার মসনদ তার জন্যই নির্ধারিত। প্রধানমন্ত্রী নিজেকে মহারানী ভিক্টোরিয়ার মতো ভাবছেন।”

পুরনো খবর:

আবার ৬০ ঘণ্টার হরতাল
নির্বাচন ‘সময়মতো’: হাসিনা