নির্বাচন ‘সময়মতো’: হাসিনা
নির্ধারিত সময়ে নির্বাচন হবে জানিয়ে বিরোধী দলকে রাজপথ ছেড়ে আলোচনায় আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নির্বাচনকালীন সরকার নিয়ে বিরোধী দলের সঙ্গে দ্বন্দ্বের মধ্যে রোববার ঢাকায় বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের সমাবেশ ঘটিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় এই আহ্বান জানান আওয়ামী লীগ সভানেত্রী।
নির্বাচনের তারিখ ঘোষণার আগে ঢাকার এই সমাবেশকে কেন্দ্র করে ক্ষমতাসীনদের ব্যাপক প্রস্তুতি ছিল। সমাবেশমুখী মিছিলের চাপে প্রায় সারাদিনেই যানজটের দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে।
নির্দলীয় সরকারের বিষয়ে বিএনপির অনড় মনোভাবের মধ্যে সমাবেশে দেয়া বক্তব্যে তা না মানার পক্ষে অবস্থান জানিয়ে নির্ধারিত সময়ে নির্বাচনের কথা আবার বলেন আওয়ামী লীগ সভানেত্রী।
“সময়মতো নির্বাচন হবে। ইনশাল্লাহ, জনগণ নৌকায় ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ করে দেবে।”
সংবিধানের পঞ্চদশ সংশোধনের ফলে সরকারের মেয়াদ শেষের আগের ৯০ দিনের মধ্যে অর্থাৎ ২৪ জানুয়ারির আগেই নির্বাচন হবে।
নির্বাচনকালীন সরকার নিয়ে বিরোধী দলকে আলোচনায় স্বাগত জানালেও এক্ষেত্রে হরতাল প্রত্যাহারের শর্ত দেন তিনি।
“আলোচনার পথ খোলা আছে। কিন্তু, হরতাল আপনাকে প্রত্যাহার করতে হবে। ওয়াদা করতে হবে জাতির কাছে, আর হরতাল দিয়ে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবেন না।”
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকার পরও সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব দিয়ে আওয়ামী লীগ ‘উদারতা’ দেখিয়েছে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, “কোন মিনিস্ট্রি চান। আপনি আসেন, কোন কোন মন্ত্রণালয় চান- আলোচনা করে আমরা ঠিক করি।”
দশম সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক সঙ্কটের আশঙ্কার মধ্যে গত মাসে শেখ হাসিনা সর্বদলীয় সরকারের প্রস্তাব দেন। এর দুদিন বাদেই খালেদা জিয়া নির্দলীয় সরকারের রূপরেখা দেন।
এরপর শেখ হাসিনা টেলিফোন করেন খালেদা জিয়াকে, আমন্ত্রণ জানান সংলাপে। কিন্তু বিএনপি চেয়ারপারসন তাদের ডাকা হরতালের মধ্যে সে আমন্ত্রণ গ্রহণ করতে রাজি হননি। তিনি হরতালের পর সংলাপে রাজি থাকার কথা জানান।
এরপর সংলাপ এগিয়ে নেয়ার উদ্যোগ নেয়ার বিষয়ে পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে সোমবার থেকে ৬০ ঘণ্টার হরতাল ডাকে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল।
সোহরাওয়ার্দী উদ্যানে রোববার আওয়ামী লীগের সমাবেশ। ছবি: তানভীর আহমেদ/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সোহরাওয়ার্দী উদ্যানে রোববার আওয়ামী লীগের সমাবেশ। ছবি: তানভীর আহমেদ/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
স্কুলছাত্রদের পরীক্ষার দিকটি বিবেচনা করেও হরতাল তুলে নেয়ার জন্য বিএনপি চেয়ারপারসনের প্রতি আহ্বান জানান তিনি।
“আমি তাকে অনুরোধ করব, আপনি ছোট ছোট শিশুদের পড়াশোনার পথ বন্ধ করবেন না। তাদের পরীক্ষার পথ বন্ধ করবেন না। আপনি হরতাল প্রত্যাহার করুন।”
“আমি জিজ্ঞাস করি, হরতাল দিয়ে আপনি কী করবেন? যুদ্ধাপরাধীদের বাঁচাতে যতই হরতাল করুন, বাঁচাতে পারবেন না।”
সমাবেশে প্রধানমন্ত্রীর বক্তব্যের কয়েক ঘণ্টা আগেই যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে দুই বদর নেতা চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের মৃত্যুদণ্ডের রায় হয়, যে কথা বক্তব্যেও উল্লেখ করেন শেখ হাসিনা।
সোহরাওয়ার্দী উদ্যানে গত ২৫ অক্টোবরের জনসভায় খালেদা জিয়ার দেয়া বক্তব্য তুলে ধরে তিনি বলেন,“এই খানে দাঁড়িয়ে বলেছেন, ক্ষমতায় গেলে তাদের মুক্ত করবেন।”
যুদ্ধাপরাধের দায়ে এর আগে বিএনপির দুই নেতা এবং তাদের জোট সঙ্গী জামায়াতে ইসলামীর পাঁচ নেতার সাজার আদেশ হয়েছে।
হরতালে জানমাল রক্ষায় আওয়ামী লীগ এবং ১৪ দলের নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে এলাকায় গঠিত সন্ত্রাসবিরোধী কমিটিগুলোকে কার্যকর রাখার পরামর্শ দেন শেখ হাসিনা।
সভায় বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেন, “আমরা পরিষ্কার বলে দিতে চাই,প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিতে হলে- হরতাল বন্ধ করতে হবে।”
উপদেষ্টা পরিষদের আরেক সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বিরোধীদলীয় নেতার উদ্দেশ্যে বলেন, “আলোচনা চাইলে হরতাল বন্ধ করুন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যখন বলেছেন, নির্বাচন হবে। তখন নির্বাচন হবেই।”
বিরোধীদলীয় নেতার সঙ্গে ফোনালাপের বিষয়ে শেখ হাসিনা বলেন, “আমি অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি। উনি বললেন, ১৫ অগাস্ট জন্মদিন তিনি করবেনই, কেক কাটবেনই। মানসিক বিকৃতি রয়েছে তার।
“দেশের মানুষ যেন কষ্ট না পায়- সেজন্য আমি তাকে ফোন করলাম। আমি জানতাম, উনি একটু দেরিতে ঘুম থেকে ওঠেন। তারপর উনাদের নেতা জানালেন, রাত ৯টার আগে প্রস্তুত করে নিচে আনা যাবে না।”
“উনি তো প্রধানমন্ত্রী ছিলেন। আগামী দিনে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন। উনি কিভাবে দেশ চালাবেন? যদি একটা ফোন ধরতে ধরতে রাত ৯টা লাগে।”
গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার পক্ষে অবস্থান জানিয়ে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “উনি (খালেদা জিয়া) আবার একই জিনিস আনতে চান কোন সাধে? উনাকে যে জেলে দেবে না, তার গ্যারন্টি কী?”
বিডিআর বিদ্রোহের সময়ের কথা তুলে ধরে তিনি বলেন, “উনি আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছিলেন। আজ প্রমাণ হয়েছে, উনার দলের লোক জড়িত ছিল।উনার দলের সাবেক মন্ত্রী ও দলের নেতা জড়িত ছিল। তিনি টাকা দিয়ে ঘটিয়েছেন।”
দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ৩২ মিনিটের বক্তব্যে বিরোধী দলের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন সরকার প্রধান।
বিকালে সমাবেশ শুরু হলেও ঢাকা নগরীর বিভিন্ন ওয়ার্ড এবং আশপাশের জেলাগুলো থেকে আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর মিছিল আসতে থাকে দুপুর থেকে।
সোহরাওয়ার্দী উদ্যানে রোববার আওয়ামী লীগের সমাবেশে কর্মী-সমর্থকরা। ছবি: আসাদুজ্জামান প্রামানিক/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সোহরাওয়ার্দী উদ্যানে রোববার আওয়ামী লীগের সমাবেশে ব্যানার, পোস্টার, প্ল্যাকার্ড হাতে সমর্থকরা। ছবি: তানভীর আহমেদ/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সমাবেশের পরিধি উদ্যানের বাইরেও ছাড়িয়ে যায়। শাহবাগ থেকে মৎস্যভবন পর্যন্ত সড়কটিতেও অবস্থান নিয়ে ছিল আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা।
সমাবেশ মঞ্চে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীসহ কার্যনির্বাহী সংসদ এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা ছিলেন। মঞ্চের দক্ষিণ দিকে নিচে প্যান্ডেলে ছিলেন দলীয় সাংসদ ও মন্ত্রিসভার সদস্যরা।
সমাবেশে আরো বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমদ, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী ও মোহাম্মদ নাসিম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজ ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।
জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা, স্বেচ্ছাসেবক লীগের মোল্লা মোহাম্মদ আবু কাওসার, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার এবং ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগও সমাবেশে বক্তব্য রাখেন।
