রাজশাহীতে বিএনপি-পুলিশ সংঘর্ষ
টানা তিনদিনের হরতালের আগে রাজশাহী মহানগরীতে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ হয়েছে।
রোববার সন্ধ্যায় এ সংঘর্ষ চলাকালে হরতাল সমর্থকরা কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটায় বলে জানিয়েছে পুলিশ।
বোয়ালিয়া থানার ওসি জিয়াউর রহমান জিয়া বলেন, সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরীর কাদিরগঞ্জ এলাকায় হরতাল সমর্থনে মিছিল বের করে বিএনপি কর্মীরা। মিছিল শেষে তারা রাস্তার উপর আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে।
তিনি বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পৌঁছালে বিএনপিকর্মীরা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি হাত বোমা এবং ইটপাটকেল নিক্ষেপ করে।
এ সময় পুলিশ পাল্টা রাবার বুলেট ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় বলে ওসি জানান।
