২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যথাসময়েই নির্বাচন: মতিয়া

নির্বাচনকে ‘ভয়’ পায় বলেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ‘টালবাহানা’ করছেন বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2013, 08:32 PM

Updated : 25 Apr 2022, 07:27 PM

শুক্রবার বিকালে ১৪ দলের এক জনসভায় তিনি বলেন, খালেদা জিয়া নির্বাচনকে ভয় পায়। বাংলার মানুষ জঙ্গিবাদ, দুঃশাসন ও অপশাসনের মাধ্যমে দেশকে পিছিয়ে নেয়ার বিরুদ্ধে।

“তাই তিনি (খালেদা জিয়া) নানান টালবাহানা করছেন। তিনি ছুতো খুঁজছেন কীভাবে নির্বাচন থেকে দূরে সরে থাকা যায়।

“পরিস্কার বলতে চাই- যথাসময়ে নির্বাচন হবে এবং জনগণ সেই নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগকেই আবারো বিজয়ী করবে।”

নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী সংলাপের আহ্বান জানালেও তাতে এখনো সাড়া দেয়নি বিএনপি।

নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা ক্ষমতাসীন মহাজোট বলে এলেও বিএনপি বলছে নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে তারা অংশ নেবে না।

বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরে মতিয়া বলেন, ফ্লাইওভার করার ফলে ঢাকার যানজট অনেক কমেছে। খালেদা জিয়া সাতবার জন্ম নিলেও এসব ফ্লাইওভার করতে পারতেন না।

১৯৯৬ সালে ওরিয়ন গ্রুপকে গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার নির্মাণের অনুমোদন দেয়া হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, “ওই গ্রুপের কাছ থেকে মায়ে খায়, হাওয়া ভবন খুলে পোলায় পায়, খোকায় খায়- পরে তারা (কোম্পানির লোকজন) বিদেশে গিয়ে বসে রইলো।”

চার দলীয় জোট সরকারের সময় বিভিন্ন ‘অনিয়ম-দুর্নীতির’ চিত্র তুলে ধরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া বলেন, বিএনপি টাকা পাচার, জুঙ্গি-বাংলা ভাই ‘পয়দা’ করতে জানে। এদের সময় ব্যবসা-বাণিজ্য, শিল্প কারখানা কিছুই হবে না।

পাবলিক পরীক্ষার সময় বিরোধী দলের হরতালের কঠোর সমালোচনা করে মতিয়া বলেন, “নিজেও পড়াশোনা করে নাই, ছেলেরাও পড়াশোনা করে নাই। অন্যের ছেলেদের পড়তে দেখলে তার হিংসা লাগে, মন খারাপ হয়ে যায়।”

‘শয়তানদের বাংলাদেশ থেকে তাড়ানোর’ আহ্বান জানিয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, খালেদা জিয়ার রক্ত পিপাসার শেষে নাই।

“আর কত রক্ত চাই? বলেন আমরা বসে আছি রক্ত দেই। নিরীহ মানুষদের মারছেন কেন? ১৮ জনকে হত্যার দায়িত্ব কে নেবে। জনগণকে এর জবাব আপনাকে একদিন দিতে হবে।”

বিরোধী দলের ধংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকা মহানগর আওয়ামী লীগ পূরবী সিনেমা হলের সামনে এই জনসভার আয়োজন করে।

স্থানীয় সাংসদ ইলিয়াছ উদ্দিন মোল্লাহর সভাপতিত্বে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিছুর রহমান মল্লিক, জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান প্রমুখ জনসভায় বক্তব্য দেন।