২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতি গ্রামে স্বাস্থ্যকেন্দ্র হবে: জয়

আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় এলে দেশের প্রতি গ্রামে স্বাস্থ্যকেন্দ্র এবং জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় করার প্রতিশ্রুতি দিয়েছেন সজীব ওয়াজেদ জয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2013, 06:34 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

এছাড়া ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করা, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইন্টারনেট সংযোগের জন্য ইউনিয়ন পর্যন্ত ফাইবার অপটিক কেবল সংযোগ দেয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

নির্বাচন সামনে রেখে দেশের দক্ষিণাঞ্চলে দুই দিনের সফরের অংশ হিসাবে শুক্রবার ঢাকা থেকে গোপালগঞ্জ যেতে সাতটি পথসভার প্রতিটিতেই এসব প্রতিশ্রুতি দেন তরুণ তথ্য প্রযুক্তিবিদ সজীব ওয়াজেদ।

জয় বলেন, “গত সাড়ে চার বছরে দেশে ১৪ হাজার স্বাস্থ্যকেন্দ্র করা হয়েছে। আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় এলে প্রতিটি গ্রামে স্বাস্থকেন্দ্র করা হবে, যেখানে মানুষ বিনামূল্যে চিকিৎসা পাবেন।”

“আমরা সাড়ে চার হাজার ইউনিয়ন তথ্য কেন্দ্র করা হয়েছে, যেখানে মানুষ সরকারি ফরমসহ বিভিন্ন সুবিধা ও সেবা পাচ্ছেন। আগামীতে ইন্টারনেট সুবিধা বাড়ানোর লক্ষ্যে আমরা ইউনিয়ন পর্যন্ত ফাইবার অপটিক কেবল নিয়ে যাবো।”

জয় বলেন, পাঁচ বছর আগে দেশে দারিদ্র্যের হার ছিল ৪১ শতাংশ, যা ২৬ শতাংশে নামিয়ে আনা হয়েছে। বর্তমান সরকারের সময় দেশের একটি মানুষও মঙ্গাতে মারা যায়নি।

“আমাদের ভিশন ২০২১ এর মধ্যে এ হার শূন্য শতাংশে নামিয়ে এনে বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করবো আমরা।”

বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ের লোডশেডিংয়ের কথা তুলে ধরে তিনি বলেন, তখন দিনের অর্ধেক সময় লোডশেডিং থাকতো। আমরা লোডশেডিং মুক্ত করেছি। এবার আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের প্রতিটা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেবো।”

সজীব ওয়াজেদ জয় বলেন, বাংলাদেশকে সন্ত্রাসমুক্ত করেছে বর্তমান সরকার। বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ের মতো দেশের কোথাও জঙ্গি হামলা হয়নি।

আগামীতে ক্ষমতায় এলে পদ্মা সেতু তৈরির প্রতিশ্রুতিও দেন তিনি।

পথসভাগুলোতে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের সফলতার কথা তুলে ধরার পাশাপাশি আগামীতে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এলে দেশের কী হবে সে বিষয়েও মন্তব্য করেন জয়।

প্রধানমন্ত্রী তনয় বলেন, “তারা (বিএনপি-জামায়াত জোট) আবার ক্ষমতায় এলে সন্ত্রাস জঙ্গিবাদ ফিরিয়ে আনবে। সন্ত্রাস ফিরে আসবে, হাওয়া ভবন ফিরে আসবে, মঙ্গা ফিরে আসবে।”

“বিরোধীদলীয় নেত্রী বলেছেন, তারা ক্ষমতায় এলে সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের মুক্ত করে দেবেন। তখন যুদ্ধাপরাধীরা আবার মন্ত্রী হবে। কিন্তু সেটা আমরা হতে দেবো না।”

আগামী দশম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে ভোট চেয়ে তিনি বলেন, “বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার জন্য বারবার আওয়ামী লীগ সরকার দরকার।”

শুক্রবার সকাল সাড়ে ৯টার জয়ের গাড়িবহর গণভবন থেকে গোপালগঞ্জের পথে রওনা হয়। সাদা পাঞ্জাবি ও মুজিব কোট পরিহিত জয় ছিলেন সাদা রংয়ের মর্সিডিজ গাড়িতে।

শেখ রেহানার ছেলে রেদওয়ান সিদ্দিকী ববি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই সাংসদ শেখ হেলাল উদ্দিন জয়ের সঙ্গে রয়েছেন।

গোপালগঞ্জের পথে মুন্সীগঞ্জের নিমতলা, শ্রীনগর, মাওয়া ঘাট, মাদারীপুরের শিবচর, ফরিদপুরের ভাঙ্গা এবং গোপালগঞ্জের মকসুদপুর ও ভাটিয়াপাড়ায় পথসভা করেন জয়। টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করে গোপালগঞ্জে রাত্রিযাপন করবেন তিনি।

শনিবার জয় বাগেরহাট, খুলনা ও যশোর যাবেন। যশোর থেকে তিনি ঢাকা ফিরবেন।

যাত্রাপথে বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাস্তার পাশে দাঁড়িয়ে ব্যানার-পোস্টার হাতে জয়কে স্বাগত জানান। কয়েকটি স্থানে ফুল ছিটিয়ে বরণ করে নেয়া হয় প্রধানমন্ত্রীর ছেলেকে।

গাড়ির ভেতর থেকে হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন জয়।

পুরনো খবর:

এবার খুলনার তরুণদের সঙ্গে বসছেন জয়
অনির্বাচিত সরকার আর নয়: জয়
দেশকে সন্ত্রাসমুক্ত রাখতে নৌকায় ভোট দিন: জয়