লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতের প্রতিষ্ঠানে ভাংচুর
লক্ষ্মীপুরের কমলনগরের চরমার্টিন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইউছুফ আলী মিয়ার উপর হামলার পর স্থানীয় বাজারে বিএনপি ও জামায়াতের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার শান্তিরহাট বাজার ও উত্তর চরমার্টিন এলাকায় এ হামলার জন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের দায়ী করেছে বিএনপি। তবে, আওয়ামী লীগ এ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করে।
কমলনগর উপজেলা বিএনপি সদস্য চরমার্টিন বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী অজি উল্লাহ জানান, আওয়ামী লীগ নেতা ইউছুফ আলী মিয়ার উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগকর্মীরা রাতে শান্তিরহাট বাজারে বিক্ষোভ মিছিল করে।
পরে তারা বাজারের দোকানপাট ও জাহেরিয়া মাদ্রাসার সুপার আবু সালেহ মো. নুর ও বিএনপিকর্মী স্বর্ণকার বাবুলের বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়।
হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন জানান, আহত আওয়ামী লীগ নেতা ইউছুফ আলী মিয়ার মৃত্যুর গুজবে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলা ভাংচুর ও লুটপাটের বিষয়ে কেউ অভিযোগ করেনি।
অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
এ ব্যাপারে রামগতি উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক নুরুল আমিন রাজু বলেন, জামায়াত ও বিএনপি ইউছুফ আলী মিয়ার উপর হামলার ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে এ নাটক সাজিয়েছে।
এসব ঘটনায় আওয়ামী লীগের কোনো নেতাকর্মী জড়িত নয় বলে তিনি দাবি করেন।
বৃহস্পতিবার বিকালে কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. ইউছুফ আলী মিয়া লক্ষ্মীপুর জেলা শহর থেকে মোটরসাইকেল যোগে কমলনগরের বাড়ি যাওয়ার সময় শহরের দক্ষিণ তেমুহনীর অদূরে ‘শিবিরের’ হামলার শিকার হন।
মাথাসহ শরীরে বিভিন্ন স্থানে কুপিয়ে তার হাত ও পায়ের রগ কেটে দেয় তারা। বর্তমানে তিনি আশংকাজনক অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
