২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদাকে ‘সমঝোতার’ আহ্বান সিপিবি-বাসদের

সব দলকে নিয়ে নির্বাচন করতে প্রধানমন্ত্রীকে পরামর্শ দেয়ার পর খালেদা জিয়াকে ‘সমঝোতার’ পথ অনুসরণের আহ্বান জানিয়েছেন সিপিবি-বাসদের নেতারা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2013, 11:40 PM

Updated : 13 Oct 2022, 03:02 PM

পুরনো খবর:

গণতন্ত্র রক্ষায় বামদের সহায়তা চাইলেন শেখ হাসিনা
খালেদাকে জামায়াতের সঙ্গ ছাড়তে বলল সিপিবি-বাসদ

জাতীয় নির্বাচনের আগে জটিল রাজনৈতিক পরিস্থিতিতে শেখ হাসিনার সঙ্গে বৈঠকের একদিন বাদে বিরোধীদলীয় নেতার সঙ্গে আলোচনায় বসেন বামপন্থী দল দুটির নেতারা।

নির্বাচনে সব দলের অংশগ্রহণের ওপর জোর দিয়েছেন বাম নেতারা। নইলে অগণতান্ত্রিক শক্তির ক্ষমতা দখলের আশঙ্কার কথাও প্রধান বিরোধী দলকে জানিয়েছেন তারা।

সিপিবি ও বাসদের সঙ্গে বৈঠকেকে ‘ফলপ্রসূ’ অভিহিত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, “আমরাও সব রাজনৈতিক দলকে নিয়ে একটি বৃহত্তর গণতান্ত্রিক ঐক্য গড়ে তুলে দেশে একটি অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে চাই।”

দুই প্রধান দলের পাল্টাপাল্টি অবস্থানে রাজনৈতিক সঙ্কটের আশঙ্কার মধ্যে মঙ্গলবার আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে বৈঠক করেন দুই প্রধান রাজনৈতিক জোটের বাইরে থাকা বামপন্থী দল দুটির নেতারা।

ওই বৈঠকে প্রধানমন্ত্রী গণতন্ত্র সুসংহত করতে সহযোগিতার আহ্বান জানালে সিপিবি-বাসদের নেতারা সব দলকে নিয়ে নির্বাচনের ওপর জোর দেন।

এর ২৪ ঘণ্টার মধ্যে খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করে বেরিয়ে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম সাংবাদিকদের বলেন, “আমরা বিরোধীদলীয় নেতাকে অনুরোধ করেছি, কোনো প্রটোকলের কথা চিন্তা না করে অথবা নিজের দেয়া প্রস্তাবের দিকে না তাকিয়ে সমঝোতার পথে অগ্রসর হন।

“আমরা মনে করি, সব দলের অংশগ্রহণ ছাড়া অন্য পথে গেলে দেশ বিপদগ্রস্ত হবে। একতরফা নির্বাচন ও এক-এগারোর পুনরাবৃত্তিতে চলমান সঙ্কটের সমাধান আসবে না।”

সংবিধান অনুযায়ী আগামী ২৪ জানুয়ারির মধ্যে দশম সংসদ নির্বাচনের বাধ্যবাধকতা থাকলেও নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে দুই প্রধান দলের মতভেদ এখনো রয়েছে।

বিএনপি নির্বাচনকালীন নির্দলীয় সরকার চায়। অন্যদিকে অনির্বাচিতদের হাতে ক্ষমতা না দেয়ার পক্ষপাতি আওয়ামী লীগ নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের প্রস্তাব দিয়েছে।

সব দলের অংশগ্রহণে নির্বাচন না হলে সিপিবি ও বাসদ নির্বাচনে অংশ নেবে কি না-  প্রশ্ন করা হলে সিপিবি সভাপতি সরাসরি  উত্তর এড়িয়ে যান।

“আমরা বলেছি, সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছান।প্রধানমন্ত্রী একটি প্রস্তাব দিয়েছেন। বিরোধীদলীয় নেতাও ফর্মুলা দিয়েছেন। আমাদেরও কয়েকটি প্রস্তাব আছে।”

“এসব প্রস্তাব নিয়ে আলোচনা করে সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের পথ বের করতে হবে।”

’৯০ এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের কথা তুলে ধরে সেলিম বর্তমান পরিসিস্থিতিতেও সঙ্কটের সমাধান সম্ভভ বলে মনে করছেন।

“তখন এরশাদ বলেছিল- ‘আমার কোনো ভয় নেই, কারণ উত্তর মেরু ও দক্ষিণ মেরু এক হবে না’। ওই সময়ে আমরা প্রধান বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ সাহেবকে নিয়ে ঐকমত্যের ভিত্তিতে সঙ্কট সমাধানে এক হয়েছিলাম।”

বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, “আমরা মনে করি, দুই বৃহৎ রাজনৈতিক দলের কর্তৃত্ব রেখে চলমান সঙ্কটের সমাধান হবে না। সব দলকে নিয়ে আলোচনার মাধ্যমে সঙ্কট উত্তরণে সমঝোতায় পৌঁছাতে হবে। নইলে এর দায়-দায়িত্ব তাদের নিতে হবে।”

নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকারের বিষয়ে খালেকুজ্জামান বলেন, “ত্রয়োদশ সংশোধনী বাতিলে হাই কোর্ট যে রায় দিয়েছিল, তাতে আগামী দুই টার্ম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কথা বলা হয়েছিল।

“আমরা মনে করি, এই কথাটি গ্রহণ করা উচিৎ। দলীয় অহমিকা ছেড়ে তারা বাস্তব উপযোগী গ্রহণযোগ্য পথ বের  করবেন- এটাই জনগণের আকাঙ্ক্ষা।”

দুই বাম দলের সঙ্গে বৈঠকের পর বিএনপির মুখপাত্র ফখরুল বলেন, “সুন্দর পরিবেশে আলোচনা হয়েছে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তারা উদ্বেগ প্রকাশ করেছেন।

“তারা (সিপিবি-বাসদ) মনে করে, এ সঙ্কট সমাধানে সব দলের অংশ গ্রহণে সুষ্ঠু নির্বাচন হওয়া বাঞ্ছনীয়। আমরাও সব রাজনৈতিক দলকে নিয়ে একটি বৃহত্তর গণতান্ত্রিক ঐক্য গড়ে তুলে দেশে একটি অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে চাই।”

বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঘণ্টাব্যাপী বৈঠকে সদ্য সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ, কূটনীতিকদের তৎপরতা নিয়েও আলোচনা হয়।

গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের সমালোচনা করে সিপিবি সভাপতি বলেন, “এর মাধ্যমে অন্য দল থেকে লোক ভাগানো ও কালো টাকার মালিকদের নির্বাচন করার রাস্তা আবার চালু করা হয়েছে।”

নিজেদের রাজনৈতিক অবস্থানও মধ্য ডানপন্থী দল বিএনপির কাছে তুলে ধরেন বামপন্থী নেতারা। জামায়াতে ইসলামীর সঙ্গ ছাড়তেও বিরোধীদলীয় নেতাকে পরামর্শ দেন তারা।

সেলিম বলেন, “বিএনপির সঙ্গে আমাদের অনেক মতপার্থক্য আছে। আমরা মনে করি, আওয়ামী লীগ ও বিএনপির মেরুকরণের ফলে দেশে এই সঙ্কট তৈরি হয়েছে।

“এই দুই আপদ-বিপদকে রেখেই আমরা দেশে বিকল্প শক্তি গড়ে তুলতে চাই। এটি বিরোধীদলীয় নেতাকে আমরা জানিয়েছি।”

জামায়াতের বিষয়ে সেলিম বলেন, “বিএনপিকে বলেছি, আমরা মনে করি, জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে দেশের জন্য মঙ্গল হবে।”

বৈঠকে সিপিবি নেতাদের মধ্যে ছিলেন মনজুরুল আহসান খান, সৈয়দ আবু জাফর আহমদ, হায়দার আকবর খান রনো, মো. শাহ আলম, শামছুজ্জামান সেলিম, আহসান হাবিব লাবলু, রফিকুজ্জামান লায়েক, রুহিন হোসেন প্রিন্স ও অনিরুদ্ধ দাশ অঞ্জন।

১৪ সদস্যের প্রতিনিধি দলে বাসদ নেতা ছিলেন বজলুর রশীদ ফিরোজ, জাহেদুল হক মিলু ও রাজেকুজ্জামান রতন।

খালেদা জিয়ার সঙ্গে ফখরুল ছাড়াও ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক ও সহসভাপতি শমসের মবিন চৌধুরী।